ঈশ্বরদীতে গাছতলায় শিশুদের পাঠদান

ভবন পরিত্যক্ত ঘোষণা করার দুবছর পরও কোনো নতুন ভবন তৈরি না হওয়ায় মাঠে খোলা আকাশের নিচে চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান। এতে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। রোদ-ধুলায় এভাবে পাঠদান কার্যক্রম চললেও বিষয়টি দেখার যেনো কেউ নেই। এ চিত্র পাবনার ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ৬৪ শতক জমির ওপর ফতেমোহাম্মদপুর এলাকায় ১৯৩৫ সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। বর্তমানে এখানে ৭৩৫ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষক আছেন ১৬ জন। শিক্ষকেরা জানান, বিদ্যালয় ভবনের ছয়টি কক্ষের অবস্থা বর্তমানে খুবই জরাজীর্ণ। এসব কক্ষ দীর্ঘদিন মেরামত ও সংস্কার না করায় দেয়াল ও মেঝেতে ফাটল ধরেছে। টিনের চালা ফুটো হয়ে গেছে। জানাল-দরজা নষ্ট। সামান্য বাতাসে ধুলা-ময়লা ঢুকে যায় কক্ষে। টিন ফুটো থাকায় রোদ-বৃষ্টিতে শ্রেণিকক্ষে টেকা কঠিন হয়ে যায়। রাস্তা দিয়ে যানবাহন যাওয়ার সময় কক্ষগুলো কেঁপে ওঠে। এ অবস্থায় দুই বছর আগে উপজেলা প্রকৌশল দপ্তর কক্ষগুলো ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে।
সরেজমিন গত রোববার দুপুরে দেখা গেছে, বিদ্যালয় মাঠে জরাজীর্ণ ভবনের পাশে কড়ইগাছতলায় চলছে পঞ্চম শ্রেণির পাঠদান। এতে শুধু শিক্ষার্থীদেরই নয়, খোলা আকাশের নিচে পাঠদান করতে গিয়ে শিক্ষকদেরও খেতে হচ্ছে হিমশিম। গাছতলায় চেয়ার, টেবিল ও বোর্ড বসিয়ে পাঠদান করাচ্ছিলেন শিক্ষক আসমা উল হুসনা। তিনি বলেন, প্রতিদিন ক্লাস শুরুর আগে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মিলে চেয়ার-টেবিল, বোর্ড ও বেঞ্চ আনা হয় বিদ্যালয় ভবনের কক্ষ থেকে। ক্লাস শেষ হলে একইভাবে আবার সেগুলো বয়ে শ্রেণিকক্ষে নিয়ে রাখা হয়। এতে বাড়তি কষ্ট ও সময় ব্যয় হয়।
পঞ্চম শ্রেণির খ শাখার শিক্ষার্থী উম্মে সালমা মিম জানায়, বিদ্যালয়ের মাঠে গাছতলায় কাস করতে কষ্ট হয়। রোদ লাগে। ধুলোবালি উড়ে এসে পড়ে চোখমুখে।
শিক্ষক আরিফ বিল্লাহ বলেন, শিশুদের গাছতলায় ক্লাস নেওয়ার সময় তাদের সতর্ক অবস্থায় থাকতে হয়। কারণ, পাশে রয়েছে রাস্তা। শিশুরা সহজে ছোটাছুটি করে শ্রেণিকক্ষ থেকে রাস্তায় চলে যেতে পারে।
প্রধান শিক্ষক রেজাউস সেলিম জানান, অনেক আগে থেকেই কক্ষ ও আসনসংকট চলে আসছে। ২০১৫ সাল থেকে কক্ষসংকটের কারণে বাধ্য হয়ে গাছতলায় ক্লাস নিতে হচ্ছে। বিষয়টি বিবেচনার জন্য ১৯ ফেব্রুয়ারি বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে।
শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমা জানান, বিদ্যালয়ের কক্ষ সংস্কারের জন্য এক লাখ টাকার বরাদ্দ পাওয়া গেছে। কাজও শুরু করা হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জানিয়েছেন। আশা করা যাচ্ছে আগামী জুন মাসের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের নতুন ভবন তৈরির জন্য প্রয়োজনীয় জায়গা রয়েছে। এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের চাপ বেশি। কারণ আশপাশে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের গাছতলা থেকে শ্রেণিকক্ষে নেওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে।