ঈশ্বরদীতে গৃহবধূ খুন বাগমারায় লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার মূলাডুলি ইউনিয়নের ঢুলটি বাজার এলাকায় কাকলী খাতুন (২৬) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। তাঁর পরিবারের অভিযোগ যৌতুকের দাবিতে স্বামী তাঁকে হত্যা করেছেন। রাজশাহীর বাগমারায় অজ্ঞাত এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কাকলীর বাবা আবুল হাশেম মোল্লা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাতে যৌতুকলোভী স্বামী লিটন ও তাঁর পরিবারের সদস্যদের পিটুনিতে কাকলীর মৃত্যু হয়। কাকলীর মৃত্যুর পর লিটন ও তাঁর পরিবার একে আত্মহত্যা বলে প্রচার করতে লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কাকলীর মৃতদেহ সিলিং ফ্যানের সঙ্গে বাঁধা থাকলেও পা মাটিতে লেগে ছিল। পুলিশ জানায়, আট মাস আগে ঢুলটি বাজারের আবদুল করিম ফকিরের ছেলে লিটনের সঙ্গে জয়নগর গ্রামের আবুল হাশেম মোল্লার মেয়ে কাকলী খাতুনের পারিবারিকভাবে বিবাহ হয়। প্রতিবেশী জাহেরা ও মমতাজ বেগম জানান, লিটন ও তাঁর পরিবারের লোকজন কাকলীকে প্রায় মারধর করত। নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রতিবেশী জানান, লিটন ও তাঁর পরিবারের নির্যাতনেই গত বৃহস্পতিবার দিবাগত রাতে কাকলীর মৃত্যু হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করার পর মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে লিটনকে প্রধান আসামি করে হত্যা মামলার প্রস্তুতি চলছে। রাজশাহীর বাগমারা থানা পুলিশ ভবানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের পাশের একটি গাছ থেকে অজ্ঞাত এক নারীর (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গতকাল শুক্রবার ভোরে ভবানীগঞ্জ হাটে আসা লোকজন সাব-রেজিস্ট্রি অফিসের পেছনে লাটিমগাছের সঙ্গে এক মহিলার লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তাঁকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহের গলায় ওড়না পেঁচানো থাকলেও পা দুটি মাটিতে ঠেকে ছিল।