ঈশ্বরদীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
পাবনার ঈশ্বরদী উপজেলার মূলাডুলি গ্রামে আকলিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, যৌতুক দাবি করে না পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গত বৃহস্পতিবার গভীর রাতে আকলিমাকে হত্যা করে। এ ঘটনায় আকলিমার ভাই আলাউদ্দিন শুক্রবার ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাত বছর আগে উপজেলার মূলাডুলি ইউনিয়নের বাজার এলাকার আবদুল হাইয়ের ছেলে কামাল হোসেনের সঙ্গে জয়নগর বাবুপাড়া গ্রামের মৃত ফজল প্রামাণিকের মেয়ে আকলিমার বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে আকলিমার পরিবার কামালকে ৫০ হাজার টাকা দেয়। কিন্তু এতেও সন্তুষ্ট না হয়ে কামাল আকলিমার ওপর নির্যাতন চালাতে থাকেন। বৃহস্পতিবার গভীর রাতে আকলিমাকে কামাল ও তাঁর শ্বশুরবাড়ির লোকজন বালিশ চাপা দিয়ে হত্যা করে।মামলার তদন্ত কর্মকর্তা ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) ছকমল হোসেন জানান, মামলার আসামি কামাল ও তাঁর পরিবারের লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।