ঈশ্বরদীতে গ্যাস সংযোগ দেওয়ার কার্যক্রম ফের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নির্দেশে প্রায় সাড়ে তিন বছর বন্ধ থাকার পর ১ নভেম্বর থেকে পাবনার ঈশ্বরদীতে নতুন করে আবাসিক গ্যাস-সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে।

তবে নতুন আবেদনকারীদের গ্যাস-সংযোগ পেতে দু-তিন মাস অপেক্ষা করতে হবে। আগের আবেদনকারীদের মধ্যে যাঁদের চাহিদাপত্র তৈরি হয়েছে, কেবল তাঁদেরই এখন অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) ঈশ্বরদী আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি এক নির্দেশনায় ২০১০ সালের ১৩ জুলাই থেকে সব ধরনের গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ রাখা হয়। ওই সময় গ্যাস-সংযোগের জন্য ঈশ্বরদীতে কয়েক শ আবেদন জমা পড়ে। এগুলোর মধ্যে ১১০ জনের অনুকূলে চাহিদাপত্র তৈরি করে ব্যাংকে টাকা জমা নেওয়া হয়। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা থাকায় টাকা জমা দিয়েও তাঁরা গ্যাস-সংযোগ পাচ্ছিলেন না।

সরকার চলতি বছরের মে মাসে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আবার উপজেলা শহরে শুধু আবাসিক সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রথম দফায় পুরোনো ১১০ জনকে সংযোগ দেওয়া হবে। তাঁদের মধ্যে গতকাল শুক্রবার পর্যন্ত ১৪ জনকে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। বাকি গ্রাহকদেরও পর্যায়ক্রমে সংযোগ দেওয়া হবে।

চলতি কার্যাদেশের আওতায় আরও এক হাজার আবাসিক গ্রাহককে গ্যাস-সংযোগ দেওয়ার পরিকল্পনা আছে। তবে চাহিদাপত্র অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে আগের আবেদনকারীদের গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে। গ্যাস-সংযোগের জন্য নতুনভাবে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এক হাজার ৬১টি নতুন আবেদন জমা পড়েছে।

পিজিসিএল ঈশ্বরদী আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক এস এম মহিবুর রহমান প্রথম আলোকে জানান, চলতি বছরের মে মাসে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও গ্যাস-সংযোগ দেওয়ার জন্য তাঁরা প্রস্তুত ছিলেন না। লাইন তৈরি, রাইজার ক্রয়সহ নানা কাজ শেষ করার পর পুরোনো আবেদনকারীদের গ্যাস-সংযোগ দেওয়ার কাজ শুরু করা হয়েছে। দেরিতে হলেও নতুন আবেদনকারীদেরও গ্যাস-সংযোগ দেওয়া হবে। কারণ, জরিপ, নকশা অনুমোদন, চাহিদাপত্র প্রদান, রাইজার ক্রয়সহ বিভিন্ন কাজ শেষ করতে করতে ন্যূনতম দুই মাস সময় লাগবে।

এদিকে আবেদনকারীরা গ্যাস সংযোগের খোঁজ নিতে প্রতিদিন পিজিসিএল কার্যালয়ে ভিড় করছেন।