ঈশ্বরদীতে গ্যাস-সংযোগে অিনয়ম, সাবেক ব্যবস্থাপককে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে গ্যাস–সংযোগ প্রদানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে৷ কেউ আবেদন করে দিনে দিনেই গ্যাস–সংযোগের প্রশাসনিক অনুমোদন পেয়েছেন। অথচ আবেদন করে মাসের পর মাস বসে থেকেও অনেকে সংযোগ পাচ্ছেন না৷ আবার কোম্পানির কার্যালয়ে নথিপত্র নেই—এমন গ্রাহককেও সংযোগ দেওয়া হয়েছে। এসব অভিযোগে গত বুধবার পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) ঈশ্বরদীর সাবেক ব্যবস্থাপক এস এম মহিবুর রহমানকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে৷
অনেকে অভিযোগ করেন, মহিবুর নিজেই অনিয়ম করে গ্যাস–সংযোগ দিয়েছেন। এ জন্য তিনি গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। অতিরিক্ত অর্থ দেওয়ার পরও গ্যাস–সংযোগ না দেওয়ায় ১১ জন গ্রাহক মহিবুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া ঠিকাদারের প্যাড ব্যবহারের মাধ্যমে তিনি নিজেই অবৈধভাবে ঠিকাদাির করে অর্থ হাতিয়ে নিয়েছেন৷ এর প্রতিবাদে তাঁর বিরুদ্ধে ঈশ্বরদীর চারজন ঠিকাদার জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন।
মহিবুরের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে গত ২১ এপ্রিল সরাসরি তদন্তে আসেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে ঈশ্বরদী থেকে ব্যবস্থাপক করে পাবনায় পাঠানো হয়। সেখানে থেকে গত বুধবার তাঁকে তাৎক্ষণিকভাবে বদলি করে কোম্পানির প্রধান কার্যালয়ের পরিকল্পনা শাখায় সংযুক্ত করা হয়।
ভুক্তভোগী কয়েকজন জানান, মহিবুর গ্রাহকপ্রতি নথিপত্র (ফাইল) জরিপের জন্য আট হাজার টাকা, প্রশাসনিক অনুমোদনের নামে পাঁচ হাজার টাকা, চাহিদাপত্র দেওয়ার নামে দুই হাজার টাকা, নকশা অনুমোদনের নামে দুই হাজার টাকা, রাইজার তালিকাভুক্তের নামে ১০ হাজার টাকা আদায় করেছেন। এসব টাকা দেওয়ার পরও গ্রাহকদের মাসের পর মাস সংযোগ না দিয়ে ঘোরানো হয়েছে। তবে ঠিকাদার ছাড়া দালালের মাধ্যমে যাঁরা ওই ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করেছেন, তাঁদের অনেকে আবেদন করে দিনে দিনে গ্যাস সংযোগের প্রশাসনিক অনুমোদন পেয়েছেন।
উপজেলার শেরশাহ রোডের ব্যবসায়ী রকিবুল ইসলাম জানান, তিনি গত বছর ১৯ ডিসেম্বর আবেদন করেছেন। চাহিদা পেয়েছেন। বাড়ি ওয়্যারিং করে বসে আছেন। মহিবুরকে ২০ হাজার টাকা দিয়েছেন। কিন্তু তাঁকে সংযোগ দেওয়া হয়নি। অথচ এপ্রিল মাসে আবেদন করে তাঁর প্রতিবেশী সংযোগ পেয়েছেন। এ ভোগান্তির জন্য তিনি মহিবুরের বিচার চান।
ঈশ্বরদীর বাঘইল গ্রামের নবীর উদ্দিন বলেন, ‘আমার স্ত্রী ক্যানসারের রোগী। তাঁর শেষ ইচ্ছা গ্যাসের চুলায় রান্না করে যাবেন। গ্যাস–সংযোগের জন্য সব আনুষ্ঠানিকতা শেষ করেছি। আমার অনেক পরে আবেদন করে অনেক গ্রাহক সংযোগ পেয়েছেন। কিন্তু আমি এখনো পাইিন৷ আমি ওই ব্যবস্থাপকের বিচার চাই।’
নাজমুল হক নামের একজন গ্যাস সংযোগের জন্য আবেদন করেছেন গত ২০ জানুয়ারি। সেদিনই তাঁকে সংযোগের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। অথচ তাঁর আগের ৭৫৫ জন গ্রাহককে সংযোগ দেওয়া হয়নি। আবেদনের দিনই ৭৪৫ জন গ্রাহককে টপকে গ্যাস–সংযোগের প্রশাসনিক অনুমোদন পেয়েছেন সদর আলী, ৭৬৩ জনকে টপকে সেলিনা খাতুন এবং ৯২২ জনকে টপকে অনুমোদন পেয়েছেন রফিকুল ইসলাম। ৭৬৪ জন গ্রাহককে টপকে আবেদনের এক দিন পর অনুমোদন পেয়েছেন আবদুল আওয়াল। কোম্পানির কার্যালয়ে কোনো নথি না থাকলেও বাসায় গ্যাস সংযোগ পেয়েছেন গোলাম মোস্তফা। অভিযোগ পেয়ে গত ২৫ মে নতুন ব্যবস্থাপক মোস্তফার সংযোগ বিচ্ছিন্ন করেন।
ঈশ্বরদীর ঠিকাদারদের অভিযোগ, তাঁদের প্যাড ব্যবহার করে মহিবুর নিজেই ঠিকাদারের মতো গ্যাস সংযোগ দিয়েছেন। এ কারণে ১৭ এপ্রিল মহিবুরের বিরুদ্ধে মন্ত্রণালয়ে মেসার্স তন্ময় ট্রেডার্সের প্রতিনিধি আনিসুর রহমান, মেসার্স জেনিথ ইন্টারন্যাশনালের প্রতিনিধি আলাউদ্দিন আল আজাদ, মেসার্স স্বপন গ্যাস কনস্ট্রাকশনের প্রতিনিধি জুয়েল রানা ও মের্সাস কনফিডেন্স অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী এ কে এম ফিরোজুল হক লিখিত অভিযোগ দেন৷
তবে সিরিয়াল না মেনে গ্যাস সংযোগের ব্যাপারে মহিবুর বলেন, ‘আমাদের সব কার্যালয়েই এ রকম হয়। কিছু রাজনৈতিক অনুরোধ আমরা এড়াতে পারি না। তবে জ্ঞাতসারে কোনো অন্যায় করিনি৷’ অনিয়ম, দুর্নীতির অভিযোগের ব্যাপারে তিনি বলেন, একটি চক্র তাঁর পেছনে লেগে তাঁকে হয়রানি করেছে। এক ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ায় তাঁরা তাঁর পিছু লেগেছে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রথম আলোকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মহিবুরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। তাঁকে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়েছে।