ঈশ্বরদীতে চুরি হয়ে যাচ্ছে সরকারি গাছ
পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন সড়কের পাশ থেকে সরকারি গাছ চুরি করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। গত দুই সপ্তাহে ঈশ্বরদী-নাটোর মহাসড়কে উপজেলার মুলাডুলি এলাকায় অন্তত ৩০টি গাছ কেটে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সড়কের পাশ থেকে একের পর এক গাছ চুরি হয়ে যাচ্ছে। সম্প্রতি ঈশ্বরদী-নাটোর মহাসড়কের মুলাডুলি ইক্ষু খামার এলাকায় গিয়ে দেখা গেছে, মহাসড়কের দুই পাশে লাগানো বেশ কিছু গাছের গোড়া কাটা অবস্থায় পড়ে আছে। এলাকাবাসী বলেন, চোরেরা রাতের বেলায় সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
ঈশ্বরদী উপজেলা বনায়ন ও নার্সারি কার্যালয় থেকে জানা গেছে, মুলাডুলি ইক্ষু খামারের কাছে নিকড়হাটা থেকে পতিরাজপুর সংযোগ সড়ক পর্যন্ত রাস্তার পাশ থেকে কিছুদিন আগে বন বিভাগের নয়টি গাছ প্রকাশ্যে কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর ঈশ্বরদী থানায় মুলাডুলি গ্রামের দুই ব্যক্তির নাম উল্লেখ করে পাঁচ-ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়। কিন্তু ঈশ্বরদীর এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার তদবিরের কারণে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি পুলিশ।