ঈশ্বরদীতে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষ, আহত ২
পাবনার ঈশ্বরদীতে ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে দুই পক্ষের দুজন আহত হয়েছেন৷ এ সময় ছাত্রলীগের স্থানীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে প্রতিপক্ষ৷
গতকাল মঙ্গলবার উপজেলার পাকশীর চররূপপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে৷
গুরুতর আহত ছাত্রলীগ কর্মী তমালকে (২৩) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও ছাত্রদল কর্মী সবুজকে (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঈশ্বরদী থানা পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাত আটটার দিকে রূপপুর সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর উদ্যোগে নতুন রূপপুর উচ্চবিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠান চলছিল। এ সময় একজন নারী দর্শককে উত্ত্যক্ত করা নিয়ে স্থানীয় ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় ছাত্রদল কর্মী সবুজ ছাত্রলীগের তমালকে পেটান৷ এর জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে রূপপুর মোড়ে সবুজকে পেয়ে পিটিয়ে আহত করেন তমাল ও তাঁর সমর্থকেরা।
এরপর সবুজ তাঁর দলবল নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে চররূপপুর বটতলা মোড়ে অবস্থিত ছাত্রলীগের রাজনৈতিক কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। প্রতিশোধ নিতে সেখানে অবস্থিত পাকশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান আলী ওরফে টনি বিশ্বাসের ব্যবসািয়ক কার্যালয় মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন তমালের সমর্থকেরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বেলা সোয়া দুইটার দিকে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন৷
পাল্টাপাল্টি ধাওয়ার খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, এলাকায় পুলিশি পাহারা বাড়ানো হয়েছে। তবে কোনো পক্ষই মামলা করেনি।