ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুত আহত ১০
রেললাইনের পাতের সংযোগ (ফিশপ্লেট) খুলে রাখায় গতকাল বৃহস্পতিবার ভোরে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে জয়দেবপুরগামী যাত্রীবাহী একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়। এতে ১০ জন যাত্রী আহত হয়। ট্রেনের চালক ফজের আলী জানান, ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ঢাকার জয়দেবপুর যাওয়ার পথে লোকোশেড এলাকায় আসার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার পর তিনি দেখতে পান লাইনের ফিশপ্লেট খোলা এবং লাইনে একটি পিনও ছিল না। ট্রেনে পাঁচ শতাধিক যাত্রী ছিল।ট্রেনের পরিচালক (গার্ড) শফিউল আজম জানান, ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় ইঞ্জিনের ট্যাংক ফেটে তেল বেরিয়ে আগুন ধরে যায়। মোবাইল ফোনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা এসে আগুন নেভায় এবং উদ্ধারকাজ শুরু করে।বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) পঙ্কজ কুমার সাহা বলেন, গতি কম থাকায় ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। তবে ১০ জন যাত্রী আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় বিভাগীয় প্রকৌশলী (২) পাকশী আহমেদ হোসেন মাসুমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আহমেদ হোসেন মাসুম জানান, নাশকতার ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।