ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুত জামালপুরে ইঞ্জিনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী রাজশাহী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। একই দিন সকালে জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় ট্রেন থেকে লাফিয়ে পড়ে পাঁচ যাত্রী আহত হন৷

রেল ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা একটা ৩৫ ​িমনিটে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিরাজগঞ্জগামী রাজশাহী এক্সপ্রেস ঈশ্বরদী স্টেশনে আসে৷ দুইটা ৩৫ মিনিটে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়৷ এর কিছুক্ষণ পর আউটার সিগন্যালে হঠাৎ শব্দ করে তিনটি বগি লাইনচ্যুত হয়৷ এ সময় ট্রেনটি থেমে যায়। তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেক যাত্রী আহত হন৷ পরে উদ্ধারকারী ট্রেন এসে বগি তিনটিকে লাইন থেকে সরিয়ে দেয়৷ সাড়ে তিনটার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়৷

ঈশ্বরদী জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট মোস্তাফিজুর রহমান বলেন, প্রচণ্ড রোদে রেললাইন বাঁকা হয়ে এ দুর্ঘটনা ঘটেছে৷ এতে রেললাইনের ১২টি স্লিপার ও রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, দুর্ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ২৫১ নম্বর লোকাল ট্রেনটি ইসলামপুরের মোশারফগঞ্জ রেলওয়ে স্টেশনে সকাল সাড়ে ১০টায় পৌঁছার পর এর ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে পাঁচ যাত্রী আহত হন। পরে ইসলামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এক ঘণ্টা পর একটি উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে দেওয়ানগঞ্জ স্টেশনে নিয়ে যায়।

জামালপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জহুরুল ইসলাম বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে। তাই এর ইঞ্জিনের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।