ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুত যোগাযোগ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বরদী জংশন স্টেশনের রেল ইয়ার্ডে গতকাল বৃহস্পতিবার সকালে একটি তেলবাহী রেলগাড়ি লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনা-ঢাকা, পার্বতীপুর-খুলনা, রাজশাহী-রাজবাড়ী, রাজশাহী-খুলনাসহ বিভিন্ন পথে সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে একটি তেলবাহী ট্রেন ঈশ্বরদী জংশন স্টেশনে প্রবেশের সময় বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ সময় তিনটি লরি লাইন থেকে নিচে পড়ে যায়। পাকশী বিভাগীয় রেলওয়ে সদর দপ্তরের পরিবহন কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস জানান, খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে প্রবেশের সময় রেললাইনের পয়েন্ট বিস্ফোরিত হয়। পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) পঙ্কজ কুমার বলেন, দুর্ঘটনার পর ১১টার দিকে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে অন্তত সাত-আট ঘণ্টা সময় লাগবে।