ঈশ্বরদীতে ডাকাতির অভিযোগে গণপিটুনি, একজন নিহত
পাবনার ঈশ্বরদীতে পিকেটার সেজে ডাকাতি করার অভিযোগে এলাকাবাসীর গণপিটুনিতে রুমন (২৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রুমন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের হামিদ প্রামাণিকের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে হরতাল চলাকালে কয়েকজন ডাকাত দিয়াড় সাহাপুর এলাকায় পিকেটার সেজে বিভিন্ন যানবাহনে ডাকাতি করছিল। একপর্যায়ে তারা কুষ্টিয়াগামী পাথরবোঝাই একটি ট্রাকে হামলা চালিয়ে নগদ আট হাজার টাকা ও একটি মুঠোফোন সেট লুট করে। এ সময় ওই ট্রাকের চালক ও তাঁর সহকারী চিৎকার দিলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী একজোট হয়ে ডাকাতদের ধাওয়া করে। একপর্যায়ে গ্রামবাসী রুমন ও মোহন নামের ডাকাত দলের দুই সদস্যকে ধরে গণপিটুনি দেন। এতে রুমন ঘটনাস্থলেই মারা যান। মোহনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, ডাকাতদের কাছ থেকে রামদাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।