ঈশ্বরদীতে ঢ্যাঁড়সের দাম পেয়ে খুশি চাষিরা
পাবনার ঈশ্বরদী উপজেলায় এবার ঢ্যাঁড়সের বাম্পার ফলন হয়েছে। দেশি ও উচ্চফলনশীল জাতের ঢ্যাঁড়স স্থানীয় হাট-বাজারের পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করছেন চাষিরা। মৌসুমের শুরুতে এবার ঢ্যাঁড়স বিক্রি করে দাম ভালো পাওয়ায় চাষিরা বেশ খুশি।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সাত ইউনিয়ন ও পৌর এলাকায় এ বছর সাড়ে ৫ হাজার বিঘা জমিতে ঢ্যাঁড়সের আবাদ হয়েছে। গত বছর আবাদ হয় ৫ হাজার বিঘায়। উপজেলার মুলাডুলি, সলিমপুর, দাশুড়িয়া ইউনিয়ন ও পৌর এলাকায় ঢ্যাঁড়স আবাদের পরিমাণ সবচেয়ে বেশি। এখানকার মাটি ঢ্যাঁড়স চাষের জন্য উপযোগী হওয়ায় ১০ বছর ধরে ঢ্যাঁড়সের আবাদ বাড়ছে। চাষিরা আউশ ধান আবাদ করে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ঢ্যাঁড়স চাষের দিকে ঝুঁকছেন। পতিত জমিতেও ঢ্যাঁড়সের আবাদ হচ্ছে। এখানে বর্তমানে দেশি জাতের ঢ্যাঁড়স ছাড়াও উচ্চফলনশীল তিন জাতের ঢ্যাঁড়সের আবাদ হয়। অন্য সবজির তুলনায় ঢ্যাঁড়সে কীটপতঙ্গের আক্রমণ কম। ঢ্যাঁড়স চাষে শ্রমিক ও সারের খরচও কম লাগে।
কয়েকজন চাষি বলেন, গতবারের তুলনায় এবার প্রতি মণ ঢ্যাঁড়স ২০০ থেকে ৩০০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। প্রতি বিঘা ঢ্যাঁড়স আবাদে খরচ পড়েছে ১৫ থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা। কিন্তু এক বিঘা জমি থেকে চাষিরা এবার ৭০ থেকে ৮০ হাজার টাকার ঢ্যাঁড়স বিক্রি করছেন।
মুলাডুলির আটঘরিয়া গ্রামের ঢ্যাঁড়সচাষি ইয়ামিন খন্দকার বলেন, কয়েক বছরের তুলনায় এবার ঢ্যাঁড়সের ভালো ফলন হয়েছে। মৌসুমের শুরুতে তাঁরা ঢ্যাঁড়স বিক্রি করে ভালো দাম পাচ্ছেন। তিনি এক বিঘা জমিতে ঢ্যাঁড়স আবাদ করেছেন। এতে খরচ পড়েছে এ পর্যন্ত ৮ হাজার টাকা। আরও খরচ বাড়বে। কিন্তু এরই মধ্যে তিনি পাঁচ মণ ঢ্যাঁড়স বিক্রি করেছেন ৮ হাজার টাকায়। দাম এ রকম থাকলে তিনি আরও ২৫ থেকে ৩০ হাজার টাকার ঢ্যাঁড়স বিক্রি করবেন।
উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ ঈশ্বরদীর মুলাডুলি সবজির আড়ৎ ও হাটে খোঁজ নিয়ে জানা গেছে, গত সপ্তাহ থেকে সবজির আড়তে ঢ্যাঁড়সের আমদানি শুরু হয়েছে। মুলাডুলি সবজি আড়তের অর্থ সম্পাদক আমিনুর রহমান ওরফে শিম বাবু বলেন, বর্তমানে তাঁদের আড়তে প্রতি মণ ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়। এতে প্রতি কেজির পাইকারি দাম পড়ছে ৪০ টাকা। প্রতিদিন এই মোকাম থেকে তিন-চার ট্রাক ঢ্যাঁড়স ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে যাচ্ছে। প্রতিটি ট্রাকে তিন মণ ওজনের ৭০ বস্তা ঢ্যাঁড়স থাকে। এতে বর্তমানে প্রতি ট্রাকে দাম পড়ছে ৩ লাখ ৩৬ হাজার টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা রওশন জামাল বলেন, সম্ভাবনাময় ও লাভজনক সবজি হওয়ায় প্রতিবছর ঈশ্বরদীতে ঢ্যাঁড়সের আবাদ বাড়ছে। লিচুর পরই এখানে ঢ্যাঁড়সের আবাদ বেশি। এখানকার ৫ হাজার কৃষক ঢ্যাঁড়স চাষের সঙ্গে সরাসরি জড়িত। চাষিরা মাঠ থেকে ঢ্যাঁড়স তুলে বিক্রি শুরু করেছেন মাত্র। তাঁরা ভালো দামও পাচ্ছেন। এ বছর আবাদি জমির পরিমাণ বেড়ে যাওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় ঢ্যাঁড়সের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।