ঈশ্বরদীতে দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

পাবনার ঈশ্বরদী উপজেলার দরিদ্র শীতার্তদের মধ্যে গতকাল রোববার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ১০০টি কম্বল বিতরণ করা হয়েছে। সিটি ব্যাংক এনএর সহযোগিতায় ঈশ্বরদী বন্ধুসভার সদস্যরা শহরের ডাকবাংলো মাঠে দুপুরে এসব কম্বল দরিদ্র শীতার্তদের হাতে তুলে দেন।
কম্বল পেয়ে অশীতিপর এক বৃদ্ধা বলেন, অভাবের সংসারে কম্বল কেনার সামর্থ্য ছিল না তাঁর। এই কম্বল পাওয়ায় এবার তাঁর শীত নিবারণ হবে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) শিমুল আকতার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আবদুল খালেক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহসাধারণ সম্পাদক হাছান চিশতি, ঈশ্বরদী বন্ধুসভার সভাপতি শহিদুল হক, প্রথম আলো ঈশ্বরদী প্রতিনিধি মাহাবুবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বন্ধুসভার সদস্যরা স্থানীয় দরিদ্র শীতার্ত মানুষের তালিকা তৈরি করেন।