ঈশ্বরদীতে দলিল লেখক সমিতির কার্যালয়ে হামলা
পাবনার ঈশ্বরদী উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে গতকাল বুধবার একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ সময় সন্ত্রাসীরা ওই কার্যালয়ে চেয়ার, টেবিল ও কম্পিউটার ভাঙচুর এবং নগদ টাকা ও স্ট্যাম্প লুট করে নিয়ে যায়। এর প্রতিবাদে দলিল লেখকেরা গতকালই উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সভা করে। ঘটনার পর থেকে তাঁরা জমি নিবন্ধনের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন।দলিল লেখক সমিতির কয়েকজন সদস্য অভিযোগ করেন, সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে জমির শ্রেণী পরিবর্তন করে নিবন্ধন করার মাধ্যমে রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন। কিছুদিন আগে এ বিষয়ে দলিল লেখক সমিতি পাবনা জেলা রেজিস্ট্রারের মাধ্যমে ঢাকার প্রধান রেজিস্ট্রারের কার্যালয়ে লিখিত অভিযোগ পাঠান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তোফায়েল আহমেদ গতকাল বেলা দেড়টার দিকে ৮-১০ জন বহিরাগত যুবককে নিয়ে সমিতির কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা ওই কার্যালয় থেকে টাকা ও স্ট্যাম্প লুট করে নিয়ে যায়। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও তোফায়েল আহমেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।উপজেলা সাব-রেজিস্ট্রার ইব্রাহিম আলী জানান, তোফায়েল আহমেদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য আগামী ২৪ এপ্রিল বগুড়া থেকে একটি কমিটি ঈশ্বরদীতে আসার কথা রয়েছে।