ঈশ্বরদীতে দলিল লেখকদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা এক মাস ২২ দিন পর গতকাল মঙ্গলবার থেকে পাবনার ঈশ্বরদীর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিললেখকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দাবি আদায়ে ভূমিমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে গতকাল থেকে জমি নিবন্ধনের কাজে যোগ দেন দলিললেখকেরা। প্রথম দিন গতকাল বেলা দুইটা পর্যন্ত ৬৪টি দলিল নিবন্ধন করা হয়।
নতুন চার দলিললেখকের লাইসেন্স প্রদানের আদেশ বাতিলের দাবিতে ঈশ্বরদীর দলিললেখকেরা ৭ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন। এ কারণে জমি নিবন্ধনের কাজ বন্ধ হয়ে যায়। এরই মধ্যে ১১ মে মহাপরিদর্শক নিবন্ধনের (আইজিআর) নির্দেশে ঈশ্বরদীর খণ্ডকালীন সাব-রেজিস্ট্রারকে হঠাৎ প্রত্যাহার করে নেওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়।
ঈশ্বরদী দলিললেখক সমিতির সভাপতি তৈয়ব আলী জানান, আন্দোলন চলাকালে তাঁরা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন। ভূমিমন্ত্রী তাঁদের দাবির প্রতি সহানুভূতি জানিয়ে কাজে যোগদান করতে বলেন। এরপর তাঁরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
গতকাল সাড়ে নয়টা থেকে ঈশ্বরদী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল সম্পাদনের কাজ শুরু হয়। খণ্ডকালীন নতুন সাব-রেজিস্ট্রার নাজমুল হাসান সকাল নয়টায় কার্যালয়ে আসেন। তিনি জানান, ধর্মঘট প্রত্যাহার করে দলিললেখকেরা কাজ শুরু করেছেন। এখন থেকে সপ্তাহে দুই দিন ঈশ্বরদীতে দলিল নিবন্ধনের কাজ করা হবে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে মহাপরিদর্শক নিবন্ধন আবদুল মান্নান জানান, নতুন লাইসেন্স বিষয়ে তাঁর কার্যালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হবে না। এ ছাড়া নানা কারণে ঈশ্বরদীতে সাব-রেজিস্ট্রার দীর্ঘ সময় থাকতে চাইছেন না। ফলে জমি নিবন্ধনে সমস্যা হচ্ছে। তাই এখানে একজন স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করেছেন।