ঈশ্বরদীতে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
পাবনার ঈশ্বরদীতে দুই পক্ষের সংঘর্ষে সিদ্দিক বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রামে গত শনিবার সন্ধ্যায় এ সংঘর্ষ হয়৷
এ ঘটনায় নিহত সিদ্দিক বিশ্বাসের ভাই সাত্তার বিশ্বাস বাদী হয়ে ২৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ গতকাল রোববার বিকেলে জানান, ঘটনার পর থেকে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। তবে এখন পরিবেশ শান্ত রয়েছে। মামলার আসামিদের ধরতে অভিযান চলছে।
থানা-পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে সিদ্দিক বিশ্বাসের ভাই আলাউদ্দিন বিশ্বাসের সঙ্গে মাহমুদ হোসেন নামে এক ব্যক্তির বিরোধ চলছিল। এর আগেও তাঁদের মধ্যে কয়েকবার ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে আবার তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে৷ এতে সিদ্দিক বিশ্বাস, সাত্তার বিশ্বাস, মো. শহীদুল্লাহ ও বাহাদুর বিশ্বাসসহ ছয়জন গুলিবিদ্ধ হন৷ স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিদ্দিক বিশ্বাস মারা যান।