ঈশ্বরদীতে দুই বখাটের ফাঁসির দাবিতে নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার স্কুলছাত্রী বৃষ্টির আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনায় জড়িত বখাটে দুখু ও মুসার ফাঁসি এবং তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এই দাবিতে গতকাল রোববার ঈশ্বরদীতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।উপজেলার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ বখাটেদের প্ররোচনায় বৃষ্টি মারা যাওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে। তারা জানায়, বৃষ্টির মতো আর কাউকে যেন বখাটেদের জন্য প্রাণ দিতে না হয়। রাজনৈতিক দলের নেতারা যেন বখাটেদের জন্য থানায় তদবির না করেন। তারা সাত দিনের মধ্যে বখাটে দুখুকে গ্রেপ্তারের জন্যও আল্টিমেটাম দেন।সকাল সাড়ে নয়টায় শিশু সাংবাদিকদের সংগঠন শিশু প্রকাশের উদ্যোগে উপজেলার ডাকবাংলার সামনে মানববন্ধন হয়। বিভিন্ন জাতীয় দৈনিকের স্থানীয় সাংবাদিক ও স্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা এই মানববন্ধনে অংশ নেন। এ সময় সাংবাদিকেরা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভা শেষে বখাটে দুখুকে গ্রেপ্তার এবং তার শাস্তির দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি পেশ করা হয়।এরপর মিডিয়া ফোরামের উদ্যোগে শহরের স্টেশন রোড ও বাজারে দুখুর শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন হয়। এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করার জন্য ঈশ্বরদীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে এখানে আসে। সমাবেশে বক্তারা দাবি করেন, ঈশ্বরদীতে বখাটেদের তালিকা তৈরি করে তাদের গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে বখাটে দুখুকে গ্রেপ্তার করতে হবে। বখাটেদের গ্রেপ্তার না করলে পুলিশের বিরুদ্ধে আন্দোলন করা হবে।বৃষ্টির শ্লীলতাহানি ও তাকে আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি বখাটে মুসাকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার মশুড়িয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ঈশ্বরদী থানার পুলিশ শনিবার তাকে গ্রেপ্তার করে। রাজশাহী থেকে শনিবার ভোর পাঁচটায় অন্য আসামি দুখুর সত্ বাবা আব্দুস সালামকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে।পুলিশ সূত্র জানায়, রাজশাহীর বিহারিপাড়া এলাকায় দুখুর মা ও সত্ বাবার বাড়িতে দুখু পালিয়ে আছে—এমন তথ্য পেয়ে পুলিশ সেখানে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই বখাটে দুখু পালিয়ে যায়। বৃষ্টির মামার দায়ের করা মামলায় মুসা দুই নম্বর আসামি।গত বুধবার বিকেলে শ্রেণীকক্ষে ঢুকে বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী বৃষ্টির শ্লীলতাহানি করে বখাটে দুখু ও মুসা। বাড়ি ফেরার এক ঘণ্টা পর বৃষ্টি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুখুর সত্বাবা আব্দুস সালামকে থানায় আনা হয়েছে। কারণ দুখুর অবস্থান সম্পর্কে তাঁর কাছে তথ্য থাকতে পারে।