ঈশ্বরদীতে নৌকাডুবিতে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীতে গতকাল বুধবার নৌকাডুবিতে দুজনের মৃত্যু হয়েছে। অপর এক যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া যাত্রীদের অভিযোগ, নৌকায় ধারণক্ষমতার বেশি যাত্রী তোলায় এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকেদা গ্রামের বাদশা প্রামাণিকের ছেলে সেলিম প্রামাণিক (২৭) ও ভোলা প্রামাণিকের ছেলে সেকেন্দার প্রামাণিক (২৮)। নিখোঁজ রয়েছেন মিন্টু প্রামাণিক (২৪)। তাঁরা সবাই খেতমজুর (কৃষক)। প্রত্যক্ষদর্শীরা জানান, বিলকেদার ঘাট থেকে গতকাল সকাল আটটার দিকে নৌকায় করে ৬০ থেকে ৬৫ জন খেতমজুর ১৫ বস্তা পেঁয়াজের বীজ নিয়ে পদ্মার চরে বপনের জন্য যাচ্ছিলেন। এই নৌকায় ধারণক্ষমতার বেশি যাত্রী তোলায় শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি চালু হচ্ছিল না। পরে ইঞ্জিন চালু না হওয়ায় বৈঠা দিয়ে নৌকা চালানো হচ্ছিল। ঘাট থেকে ছেড়ে আসার পর মাঝনদীতে এসে অতিরিক্ত স্রোতের কবলে পড়ে নৌকাটি। এ সময় নৌকার এক দিক কাত হয়ে পানি উঠতে থাকে। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে নদীর পাড়ে ওঠেন এবং ঘাটের অন্য মাঝিরা এসে অনেককে উদ্ধার করেন।