ঈশ্বরদীতে পাঁচটি কমিউনিটি ক্লিনিক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জমিদাতার পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে’—জনপ্রতিনিধিদের এমন প্রতিশ্রুতিতে কমিউনিটি ক্লিনিকের জন্য জমি দিয়েছিলেন লোকজন। কিন্তু ক্লিনিক স্থাপন ও চালুর দীর্ঘদিন পরও চাকরি পাননি তাঁরা। তাই ক্ষুব্ধ জমি-মালিকেরা পাবনার ঈশ্বরদী উপজেলার পাঁচটি কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছেন।এক বছর ধরে ক্লিনিকগুলো বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। ক্লিনিকগুলো ঈশ্বরদীর মানিকনগর, চর মিরকামারী, লক্ষ্মীকুন্ডা, খারজানি ও বাঘাইল গ্রামে অবস্থিত।পাবনার সিভিল সার্জন তাহসিন বেগম প্রথম আলোকে বলেন, কমিউনিটি ক্লিনিক স্থাপনের সময় সারা দেশের কোথাও জমিদাতা পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়নি। সরকারি কোনো গেজেটেও এমন প্রতিশ্রুতির কথা উল্লেখ নেই। স্থানীয় জনপ্রতিনিধিরা জমিদাতাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফলে সমস্যার সৃষ্টি হয়েছে। ক্লিনিকগুলো পুনরায় চালু করতে জমিদাতাদের সঙ্গে আলোচনা চলছে। জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের বিভিন্ন এলাকার মতো ঈশ্বরদীর সাতটি ইউনিয়নে ২৭টি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়। নিয়ম অনুযায়ী, এসব ক্লিনিকে একজন করে চিকিৎসক সপ্তাহে এক দিন, একজন চিকিৎসা সহকারী সপ্তাহে দুই দিন ও একজন পরিবার পরিকল্পনা সহকারী সপ্তাহে তিন দিন করে চিকিৎসাসেবা, পরামর্শ ও বিনা মূল্যে ওষুধ সরবরাহ করবেন। কিন্তু জমিদাতাদের সঙ্গে বিরোধের কারণে পাঁচটি ক্লিনিক এক বছর ধরে সম্পূর্ণভাবে বন্ধ।৭ মে সরেজমিনে দেখা যায়, কাঁচা সড়কের পাশে মানিকনগর কমিউনিটি ক্লিনিকটি পরিত্যক্ত পড়ে আছে। বহুদিন না খোলায় ফটকের তালায় মরিচা পড়ে গেছে। গ্রামের বাসিন্দারা ক্লিনিক ভবনের দেয়াল জ্বালানি শুকানোর কাজে ব্যবহার করছেন। ফেরার পথে উপজেলার বাঘাইল গ্রামে চোখে পড়ে একটি কমিউনিটি ক্লিনিক। ফসলের মাঠে দাঁড়িয়ে আছে ক্লিনিক ভবনটি, যার জানালা-দরজা কিছুই নেই।এলাকাবাসী জানান, ক্লিনিকগুলো চালু থাকা অবস্থায় তাঁরা নিয়মিত চিকিৎসাসেবা পেতেন। কিন্তু ক্লিনিকগুলো বন্ধ থাকায় তাঁদের সমস্যা হচ্ছে। ছোটখাটো সমস্যায় ছুটে যেতে হচ্ছে শহরের চিকিৎসকের কাছে। অন্যদিকে দীর্ঘদিন ক্লিনিকগুলো বন্ধ থাকায় নষ্ট হচ্ছে আসবাব ও ভেতরে থাকা ওষুধপত্র।মানিকনগর গ্রামের কাকলী খাতুন বলেন, ‘ক্লিনিক চালু থাকলি আমরা মেলা সুবিধে পাতেম। শরীরে কিছু হলিই দৌড় দিয়ে যায়া দেহা আসপের পারতেম। ক্লিনিকির ডাক্তাররা ওষুদও দিত। কিন্তু এহন তা পাইনে।’মানিকনগর কমিউনিটি ক্লিনিকের জমিদাতা আলমগীর হোসেন বলেন, ‘ক্লিনিক স্থাপনের সময় স্থানীয় চেয়ারম্যান আমাদের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা এই প্রতিশ্রুতিতেই ক্লিনিক স্থাপনের জন্য জমি দিয়েছিলাম। পরে তারা চাকরি না দেওয়ায় ক্লিনিক বন্ধ করে দিয়েছি।’বাঘাইল কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মাহাতাব উদ্দিন মোল্লা বলেন, ‘আমার একটি ছেলে, বেকার। তাই তার চাকরির আশ্বাসেই জমি দিয়েছিলাম। চাকরি পাইনি, তাই ক্লিনিক বন্ধ করে দিয়েছি।’জমিদাতা পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতির কথা স্বীকার করে উপজেলার ছলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘তখন আমরা এমনই শুনেছিলাম। তাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকারি কিছু নিয়মনীতি ও জটিলতার কারণে প্রতিশ্রুতি রাখা সম্ভব হয়নি। তবে আমরা জমিদাতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’