ঈশ্বরদীতে পান্না বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হামেদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার ভেড়ামারা ও নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরের সন্ত্রাসী পান্না বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হামেদ ওরফে হামিদুলকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঈশ্বরদীর সাড়া ইউনিয়নের পদ্মা নদীর পাশে সাড়া ঘাটের তালতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানার পুলিশ।হামেদ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফজিলাপুর রায়টা গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, হামেদের বিরুদ্ধে ঈশ্বরদীতে জোড়া খুন এবং ভেড়ামারা থানায় দুটি হত্যা, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম গতকাল দুপুরে খবর পান, সন্ত্রাসী পান্না বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হামেদ সাড়া ঘাটের তালতলা এলাকায় ফেনসিডিলের ব্যবসাসংক্রান্ত কাজে এসেছেন। সঙ্গে সঙ্গে তিনি পুলিশ নিয়ে দুপুর পৌনে দুইটার দিকে ওই এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে হামেদকে গ্রেপ্তার করেন। তবে পালিয়ে যায় হামেদের সঙ্গীরা।ওসি সামিউল আলম জানান, হামেদ পদ্মার চরের সন্ত্রাসী পান্না বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। গত বছরের ১৮ আগস্ট কুষ্টিয়ার দুই যুবক লিটন ও শাওনের গলাকাটা লাশ ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের নদীর একটি চরে পাওয়া যায়। সেই জোড়া খুনের মামলার আসামি হামেদ। তাঁর বিরুদ্ধে গত বছরের ৫ ডিসেম্বর ভেড়ামারা থানায় দায়ের করা দুটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া হামেদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।