ঈশ্বরদীতে পুলিশের জঙ্গিবিরোধী পথসভা শুরু

জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় জনগণকে এতে সম্পৃক্ত করার জন্য আজ শনিবার থেকে পাবনার ঈশ্বরদীতে পুলিশের উদ্যোগে শুরু হয়েছে ‘জঙ্গিবিরোধী পথসভা’ কর্মসূচি।
পাবনার পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবিরের নির্দেশে ঈশ্বরদী পৌরসভার নয়টি ওয়ার্ড ও উপজেলার সাতটি ইউনিয়নে এই পথসভা কর্মসূচি চলবে তিন দিন ধরে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী সার্কেল কার্যালয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ ও কাউন্সিলরদের সঙ্গে পুলিশের প্রথমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী কাজে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার জন্য পুলিশের পক্ষ থেকে ঈশ্বরদীর প্রতিটি ওয়ার্ডে তিন দিন ধরে চলবে জঙ্গিবিরোধী পথসভা।
পরে অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হকের নেতৃত্বে বেলা একটার দিকে শুরু হয় জঙ্গিবিরোধী পথসভা। পুলিশ সদস্যরা মাইক্রোবাসে ব্যানার টাঙিয়ে মাইকে প্রচারণা চালান। পাকশী বিবিসি বাজার ও রূপপুরের বিভিন্ন মোড়ে অনুষ্ঠিত এই জঙ্গি ও সন্ত্রাসবিরোধী পথসভায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জঙ্গি, সন্ত্রাস ও মাদক ঠেকাতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন। জঙ্গি, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য দিয়ে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক প্রথম আলোকে জানান, পাবনা পুলিশ সুপার জিহাদুল কবিরের নির্দেশে ঈশ্বরদীতে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী বিশেষ পথসভা শুরু করা হয়েছে। তিন দিন ধরে চলবে এই পথসভার কাজ। এরপর বিভিন্ন মহল্লায় গঠন করা হবে জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী কমিটি।
জঙ্গিবিরোধী পথসভায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কাশেম, থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান, পাকশী ইউপির চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রশিদুল্লাহ প্রমুখ।