ঈশ্বরদীতে পোশাক কারখানায় চাকরি দেওয়ার নামে প্রতারণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে শতাধিক প্রার্থীর কাছ থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে। ওই কারখানার দুই কর্মকর্তাসহ তিনজন এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।শতাধিক প্রার্থী চাকরির দাবিতে গত রোববার ইপিজেডের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন ও অবস্থান ধর্মঘট পালন করে অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় ওই দিনই ২৫ জন প্রার্থীর পক্ষে সাহাপুর গ্রামের জয়দেব কর্মকারের স্ত্রী রিতা রাণী ঈশ্বরদী থানায় মামলা করেছেন।শ্রমিকেরা অভিযোগ করেন, গত রোববার তাঁদের রশিতা নিটওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানায় বিভিন্ন পদে চাকরি হওয়ার কথা ছিল। এ জন্য সাক্ষাৎকারও নেওয়া হয়। পরে তাঁরা জানতে পারেন, তাঁদের চাকরি হয়নি। তাঁরা চাকরি পাওয়ার জন্য ওই কারখানার প্রশাসন ও জনশক্তি শাখার ব্যবস্থাপক নাহিদ আক্তার, ইপিজেডের কর্মকর্তা আনোয়ার হোসেন ও তাঁর ভাই জিয়াউল ইসলামকে জনপ্রতি তিন থেকে সাত হাজার করে টাকা করে ঘুষ দেন।সাহাপুর গ্রামের আওয়াল হোসেন জানান, নাহিদ ও আনোয়ার ইপিজেডের কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছেন।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম বলেন, মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে রশিতা নিটওয়্যারের কর্মকর্তা নাহিদ আক্তারকে। তদন্ত শেষ হলে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।নাহিদ আক্তার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আনোয়ার কিছু দিন আগে রশিতা থেকে চাকরি ছেড়ে দিয়েছেন। তিনি এই প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে কারও কাছ থেকে টাকা নিলে এর দায় প্রতিষ্ঠানের নয়। তিনি নিজেও চাকরি দেওয়ার কথা বলে কারও কাছ থেকে টাকা নেননি।আনোয়ার হোসেন পালিয়ে যাওয়ায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।