ঈশ্বরদীতে ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার গৃহবধূ ছালমা খাতুনকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সন্ধ্যা সাড়ে ছয়টায় কয়েক শ মানুষ উপজেলার রূপপুর মোড়ে মানববন্ধন করে। এ সময় ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল মাহমুদ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দেন, ছালমা হত্যাকারীরা যাতে উপযুক্ত সাজা পায়, সে জন্য তিনি আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা হবে। তাঁর আশ্বাস পেয়ে লোকজন মহাসড়ক ছেড়ে দেয়।
বিকেল পাঁচটার দিকে ঈশ্বরদী ইপিজেড মোড়ে কারখানার শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করেন। তাঁরা ছালমা হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে স্লোগান দেন।
উপজেলার দিয়াড়বাঘইল পশ্চিমপাড়া গ্রামের গৃহবধূ ও ইপিজেড কারখানা শ্রমিক ছালমাকে (২৮) গত রোববার তাঁর স্বামী একটি গাছের সঙ্গে বেঁধে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। পরে ছালমাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রাত আটটার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।