ঈশ্বরদীতে বইমেলা আজ শুরু
পাবনার ঈশ্বরদীতে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘কৈশোর তারুণ্যে বই’ শীর্ষক চার দিনব্যাপী বইমেলা। ঈশ্বরদী উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ মেলায় দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
আয়োজক সূত্রে জানা যায়, আজ বিকেল চারটায় ইক্ষু গবেষণা উচ্চবিদ্যালয় মিলনায়তনে মেলার উদ্বোধন করা হবে। মেলায়
থাকছে শিশু-কিশোরদের বইয়ের বিপুল সমাহার। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেলা চলবে। ছাত্রছাত্রী, অভিভাবকসহ সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।
এ মেলায় বইকেন্দ্রিক নানা আয়োজনের মধ্যে থাকবে ছাত্রছাত্রীদের বই পড়ার অভিজ্ঞতা বলার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, আঁকাআঁকি নিয়ে হাতে-কলমে সৃজনশীলতা বিনিময়, ‘পড়ি, পরীক্ষায় ভালো করি, পাঠ্যবইয়ের বাইরে’ বিষয়ে প্রশিক্ষণ, শিশু-কিশোরদের সঙ্গে লেখক-শিল্পীদের শুভেচ্ছা বিনিময় ইত্যাদি।
মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অ্যাডর্ন পাবলিকেশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ইকরিমিকরি, কাকলী প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, প্রথমা প্রকাশন, বিশ্বসাহিত্য কেন্দ্র, বেঙ্গল পাবলিকেশনস, ভাষাচিত্র ও সময় প্রকাশন।