ঈশ্বরদীতে বইমেলার শেষ দিনে উপচে পড়া ভিড়

পাবনার ঈশ্বরদীতে শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘কৈশোর-তারুণ্যের বই’ শীর্ষক চার দিনের বইমেলার সমাপনী দিনে দর্শনার্থী ও শিক্ষার্থীদের ছিল উপচে পড়া ভিড়। চার দিন ধরে চলা এ বইমেলা গতকাল সোমবার শেষ হয়।
গতকাল দুপুরে মেলার স্টলগুলো ঘুরে জানা যায়, এই প্রথম উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বইমেলার আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকেরা অনেকটা উৎসবের আমেজে মেলায় ভিড় করেন। দিনভর শিক্ষার্থীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় স্টলে স্টলে থাকা বিভিন্ন প্রকাশনী সংস্থার প্রতিনিধিদের। বই বিক্রিও হয়েছে প্রচুর।
ইক্ষু গবেষণা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পূর্ণতা মাহমুদ খান বলে, নিয়মিত এ ধরনের বইমেলার আয়োজন করলে উপজেলার কিশোর-তরুণ বয়সীরা বইপড়ায় আরও বেশি আগ্রহী হয়ে উঠবে। মেলায় মুক্তিযুদ্ধ ও শিশু-কিশোরদের জন্য আসা বই ভালো লেগেছে বলে জানায় পূর্ণতা।
অ্যাডর্ন পাবলিকেশন স্টলের ইনচার্জ মাসুদ পারভেজ বলেন, দ্বিতীয় দিন থেকে মেলায় প্রচুর লোকসমাগম হয়। তবে প্রচণ্ড গরমে মিলনায়তনের ভেতরে স্টলগুলোতে দর্শনার্থীরা বেশি সময় কাটাতে পারেননি। শিশু ও মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের চাহিদা সবচেয়ে বেশি বলে তিনি জানান।
ঈশ্বরদী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইক্ষু গবেষণা উচ্চবিদ্যালয় মিলনায়তনে গত শুক্রবার বইমেলা শুরু হয়। মেলায় ঢাকা ও সিলেটের ১৩টি প্রকাশনা সংস্থা অংশ নেয়।
চার দিনব্যাপী এ মেলায় শিশু-কিশোর ও তরুণদের বইপড়ায় আগ্রহী করে তুলতে বইপড়া প্রতিযোগিতা, আঁকাআঁকি, শিক্ষার্থীদের স্বল্পকালীন কর্মশালা ইত্যাদির আয়োজন করা হয়।