ঈশ্বরদীতে বালুমহাল, নীলফামারীতে পাথর উত্তোলন নিয়ে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় বালুমহাল এবং নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে পাথর উত্তোলন নিয়ে গতকাল বৃহস্পতিবার সংঘর্ষ হয়েছে। ঈশ্বরদীতে পদ্মা নদীর বালুমহালের দখল-বেদখল নিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে মিন্টু এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মফিকুল ইসলাম পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন। আর ডিমলায় পাথর উত্তোলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন।ঈশ্বরদীতে সংঘর্ষমফিকুল ইসলামের ভাষ্যমতে, তাঁর পক্ষের লোকজন উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়াঘাটে বালুমহালের ইজারার বৈধ কাগজপত্র নিয়ে গেলে হামলার শিকার হন। হামলায় নেতৃত্ব দেন আবুল কালাম আজাদের পক্ষে উপজেলা যুবলীগের সভাপতি আবদুস সালাম খান। এতে তাঁর পক্ষের ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ওরফে জিয়া (৩৬) এবং পৌর যুবলীগের ক্রীড়া সম্পাদক বেলায়েত হোসেন ওরফে জিপ্পু গুলিবিদ্ধ হন।আবুল কালাম আজাদের সমর্থক পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক বিশ্বাস মুঠোফোনে দাবি করেন, মফিকুল ইসলামের বাহিনী তাঁদের লোকজনের ওপর হামলা চালিয়ে বালুমহাল দখলের চেষ্টা করে। জানতে চাইলে আবদুস সালাম বলেন, অবৈধ দখলদারদের ঠেকাতে গেলে জিয়ার নেতৃত্বে তাঁদের লোকজনের ওপর হামলা করা হয়। আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।স্থানীয় লোকজন জানান, সকালে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একদল পুলিশ নিয়ে বালুমহাল এলাকায় আসার পরপরই উভয় পক্ষে সংঘর্ষ বাধে। লাঠিসোঁটা, লোহার রড নিয়ে পুলিশের উপস্থিতিতে একে অপরের ওপর সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে র‌্যাবের একটি দল সেখানে এলে পরিস্থিতি শান্ত হয়। এলাকাবাসী জানান, সংঘর্ষের সময় তাঁরা বেশ কয়েকটি গুলির শব্দ শুনতে পান।এ ব্যাপারে ওসি সামিউল আলম জানান, এ ঘটনায় রাতে জিয়াসহ ১০ জনের বিরুদ্ধে এনামুল হক বিশ্বাস মামলা করেছেন। জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সাঁড়াঘাট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বালুমহালটি বর্তমানে তাঁদের নিয়ন্ত্রণে। ইউএনও জাকির হোসেন জানান, সংঘর্ষের আশঙ্কার খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এরপরই উভয় পক্ষে সংঘর্ষ হয়।নীলফামারীতে সংঘর্ষস্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে পাথর ব্যবসায়ী নজরুল ইসলামের শ্রমিকেরা ঝারসিংহেরস্বর এলাকায় পাথর সংগ্রহ করতে গেলে তাঁদের বাধা দেয় খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেনের লোকজন। পাথরশ্রমিক মাহজাদ হোসেনকে (৫০) আটক করা হয়। গ্রামবাসী তাঁকে উদ্ধার করতে গেলে উভয় পক্ষে সংঘর্ষ হয়। খবর পেয়ে ডিমলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে। ছোড়া পাথরে যুগান্তর-এর ডিমলা প্রতিনিধি জাহিদ হোসেন, ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহত হন। এ ছাড়া সংঘর্ষে পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ খান (৩৮), ইউপি সদস্য মশিয়ার রহমান (৩৫), খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেনের ছেলে মেহেদী হাসান (৩০) আহত হয়ে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।ডিমলা থানার এসআই ফারুক হোসেন বলেন, বেলায়েতের বিরুদ্ধে নজরুল ইসলাম গত বুধবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। এতে বেলায়েত নজরুলের কাছে চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ করা হয়। গতকাল পাথর উত্তোলন নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়। বেলায়েত হোসেন চাঁদা দাবির কথা অস্বীকার করে বলেন, তাঁর সীমানায় পাথর তুলতে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটেছে।