ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতার ভাতিজা ও যুবদল কর্মী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক হাবিবুর রহমানের ভাতিজা ও যুবদলের কর্মী নিশান (৩০) গত সোমবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়েছেন।
এ ঘটনায় বিএনপির নেতা হাবিবুর তাঁর প্রতিপক্ষ পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদারের সমর্থক সাহাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সরদারকে দায়ী করেছেন। গুলিবিদ্ধ নিশানকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাচা হাবিবুর জানান, নিশান গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুন হাট গোলচত্বর দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে সেখানে ওত পেতে থাকা বিএনপির নেতা ও তাঁর (হাবিবুর) প্রতিপক্ষ সাহাব উদ্দিন সরদারের লোকজন নিশানকে লক্ষ্য করে গুলি করে। তাঁর হাঁটুতে গুলি বিদ্ধ হয়। পরে কয়েকটি বোমা ফাটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় সাহাব উদ্দিনসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে হাবিবুর জানান।
এদিকে বিএনপির নেতা সাহাব উদ্দিন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁরা গতকাল বিকেলে শান্তিপূর্ণ মিছিল শেষে বাড়ি ফেরেন। এরপর কোথায় কী ঘটেছে, তিনি জানেন না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে যুবদল কর্মী নিশান গুলিবিদ্ধ হয়েছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঈশ্বরদীর নতুন হাট গোল চত্বরে গত রোববার হরতালে পিকেটিংয়ের সময় আসন্ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী বিএনপির দুই কেন্দ্রীয় নেতা হাবিবুর ও সিরাজ সরদারের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও বোমা হামলা হয়। বোমায় সিরাজ সরদারের সমর্থক আতর আলী আহত হন। তবে হাবিবুরের পক্ষে পাবনা জেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক নেফাউর রহমান বোমা হামলার অভিযোগ অস্বীকার করেন।