ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে বিএনপির বিবদমান দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্তত আটজন নেতা-কর্মী আহত হয়েছেন। খুলনা অভিমুখে চারদলীয় জোটের রোডমার্চ উপলক্ষে প্রস্তুতি সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ২৬ নভেম্বর রোডমার্চের শুরুর দিনে ঈশ্বরদীতে প্রথম পথসভায় খালেদা জিয়া বক্তব্য দেবেন। গত বৃহস্পতিবার বিকেলে সেই পথসভা অনুষ্ঠানের প্রস্তুতি সভায় এ ঘটনা ঘটে। এ সময় সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হন। আহত কেন্দ্রীয় নেতাদের মধ্যে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার ও হাবিবুর রহমান। আহত অন্য নেতারা হলেন: পাবনা জেলা বিএনপির এক পক্ষের সভাপতি কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পাবনার মেয়র কামরুল হাসান, আনিসুর রহমান ও সামসুদ্দিন আহমেদ মালিথা।বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি চলে। এ সময় বাস, ট্রাক, প্রচার মাইক, মঞ্চ ও কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ঈশ্বরদী থেকে ঢাকা, পাবনা, কুষ্টিয়া, রাজশাহী রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দাশুড়িয়ার সব ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী থানার পুলিশ জানায়, পাবনা থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রস্তুতি সভার শুরুতেই কে এস মাহমুদকে সভাপতির আসন গ্রহণ করতে বলার সঙ্গে সঙ্গে মঞ্চের সামনে উত্তেজনা শুরু হয়। এরপর তা ছড়িয়ে পড়ে। এ সময় অপর পক্ষ কামরুল হাসানের সমর্থকেরা কে এস মাহমুদের নাম সভাপতি হিসেবে প্রত্যাহার করার দাবি জানান। হাবিবুর রহমানের সমর্থকেরাও উত্তেজিত হয়ে ওঠেন। শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। দুই পক্ষের এ সংঘর্ষ ঠেকাতে এসে আহত হন মঞ্চে বসে থাকা কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া হামলায় দুই পক্ষের আরও সাতজন নেতা আহত হন। কেন্দ্রীয় বিএনপির নেতা হাবিবুর রহমান অভিযোগ করেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মিন্টুর নেতৃত্বে পথসভার প্রস্তুতি সভায় হামলা চালানো হয়েছে। পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু বলেন, কে এস মাহমুদ বিএনপির সভাপতি নন, কারণ পাবনা জেলা বিএনপির কমিটি এখনো অনুমোদনই হয়নি। তাই তাঁকে খালেদা জিয়ার প্রস্তুতি সভার সভাপতি হিসেবে দলের নেতা-কর্মীরা মেনে নিতে পারেননি বলেই কর্মীরা প্রতিবাদ জানিয়েছেন। তিনি দাবি করেন, তোতার সমর্থকেরা তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়েছে এবং খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমূল বিশ্বাসের নির্দেশে সভাপতি হিসেবে কে এস মাহমুদের নাম অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঘটনার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত করা হয়েছে।