ঈশ্বরদীতে বিএনপির নেতা-কর্মীদের গণপদত্যাগের হুমকি
পাবনার ঈশ্বরদীতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেনের বহিষ্কারাদেশ ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে পৌর কমিটির সব পর্যায়ের নেতা-কর্মীরা একযোগে দল থেকে গণপদত্যাগের হুমকি দিয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেওয়া হয়।
পৌর বিএনপির সহ সভাপতি জাহিদুর রহমান বিশ্বাসের নেতৃত্বে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান।
এ সময় সহ সভাপতি সুমার খান, সহসাধারণ সম্পাদক আমিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম মোস্তফা ও সাংগঠনিক সম্পাদক তারিক মাহমুদসহ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পৌর বিএনপির নেতারা বলেন, জেলা কমিটি অগঠনতান্ত্রিকভাবে জাকারিয়া পিন্টু ও ইসলাম হোসেনকে বহিষ্কার করেছেন। তাঁরা দলের কেন্দ্রীয় কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করার আহ্বান জানান।
বিএনপির স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার পাবনা জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে জাকারিয়া পিন্টু ও ইসলাম হোসেনকে ঈশ্বরদীর পৌর বিএনপির সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের চিঠি পাঠান হয়।