ঈশ্বরদীতে বিএনপির পাঁচ নেতা অবাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনে পরাজয়ের পর পাবনার ঈশ্বরদীতে গতকাল বিএনপির এক পক্ষ অন্য পক্ষের পাঁচ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।
তাঁরা হলেন বিএনপির কেন্দ্রীয় সহ-তথ্যবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, পাবনা জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরদীর পৌর মেয়র মকলেছুর রহমান, উপজেলা কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, ঈশ্বরদী পৌর কমিটির সহসভাপতি আক্তারুজ্জামান ও কেন্দ্রীয় বিএনপি-সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জার্জিস হোসেন।
উপজেলা ও পৌর বিএনপির পক্ষে তৃণমূল নেতাদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। গতকাল দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া পিন্টু, বিএনপির তৃণমূল নেতা সঞ্জু খান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম সরদার প্রমুখ।
লিখিত বক্তব্য পাঠ করেন জাকারিয়া পিন্টু। এতে ২৩ মার্চের উপজেলা নির্বাচনে তাঁর পরাজয়ের জন্য ওই পাঁচ নেতাকে দায়ী করেন। তিনি জানান, খালেদা জিয়ার নির্দেশ ও তৃণমূল নেতা-কর্মীদের মতামত অবজ্ঞা করে বিএনপির ডামি প্রার্থী হিসেবে জার্জিস হোসেনকে দাঁড় করানো হয়। সংবাদ সম্মেলনের পরপরই পাকশীতে সঞ্জু খানের বাড়িতে বিএনপির তৃণমূলে কর্মী-সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশ থেকে জাকারিয়া পিন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। এ ছাড়া হাবিবুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য স্বাক্ষর সংগ্রহ করা হয়। ঈশ্বরদী উপজেলা নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির সমর্থনে জার্জিস হোসেন এবং স্থানীয় তৃণমূল বিএনপির সমর্থনে জাকারিয়া পিন্টু চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে দুই প্রার্থী পরাজিত হন। নির্বাচনের আগে কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কুদ্দুস রিজভী এক পত্রে জাকারিয়া পিন্টুকে বিএনপি থেকে বহিষ্কারের ঘোষণা দেন।
হাবিবুর রহমান জানান, সরকারি দলের সঙ্গে আঁতাত করে সিরাজুল ইসলাম সরদার দলীয় প্রার্থী জার্জিস হোসেনকে মাঠে নামতে দেননি। ফলে দলের পরাজয় হয়েছে।