ঈশ্বরদীতে বিদেশি নাগরিকদের একা না চলার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় অবস্থানরত বিদেশি নাগরিকদের একা না চলার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। গত সোমবার উপজেলায় এক পুলিশ কর্মকর্তাকে খুন ও গির্জার যাজককে হত্যাচেষ্টার ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার অনুষ্ঠিত জরুরি আইনশৃঙ্খলা সভায় এ পরামর্শ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল মাহমুদের সভাপতিত্বে দুপুরে অনুষ্ঠিত এ সভায় পাকশী রেলের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল হক, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমল কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
জরুরি সভা শেষে ইউএনও জানান, ঈশ্বরদীর প্রতিটি গির্জা, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তায় প্রয়োজনীয় আনসার সদস্য মোতায়েন থাকবে। পুলিশও টহল দেবে। এ ছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী ইপিজেড ও রেলসহ এ উপজেলায় অবস্থানকারী ১২৬ জন বিদেশি নাগরিকের কর্মস্থল ও আবাসিক এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হবে।
ইউএনও জানান, উপজেলায় কোনো বিদেশি নাগরিক যেন একা চলাচল না করেন সে পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে বিদেশিরা দল বেঁধে চলাচল করবেন। বিশেষ প্রয়োজন ছাড়া রাতের বেলা তাঁদের এলাকা ছেড়ে অন্য কোথাও না যাওয়ারও অনুরোধ করা হয়েছে।
লুকের ওপর হামলা রহস্যাবৃত: হামলার তিন দিন পরও যাজক লুক সরকারকে হত্যাচেষ্টার রহস্য উদ্ঘাটন বা অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, ওই ঘটনায় ব্যাপক পরিসরে তদন্ত চলছে। পুরোপুরি নিশ্চিত হয়ে ঘটনার ব্যাপারে জানানো হবে।
লুক সরকারের ছেলে ফ্রান্সিস মিঠুন সরকার বলেন, ‘পুলিশ, র্যা বসহ প্রশাসনের কর্মকর্তারা প্রতিদিনই খোঁজখবর নিচ্ছেন, বাড়িতে আসছেন। আমরা আসামি ধরার জন্য বলছি। কিন্তু কেউ এখন পর্যন্ত ধরা পড়েনি। বাবা এ নিয়ে চিন্তিত।’
মামলার অগ্রগতি সম্পর্কে ওসি বিমান কুমার দাশ বলেন, ‘অগ্রগতি হচ্ছে, তবে তদন্তে পুরো অগ্রগতি হতে একটু সময় লাগছে। আশা করা যাচ্ছে আসামি শনাক্ত হবে শিগগিরই।’
সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ‘ফেইথ বাইবেল চার্চ’-এর যাজক লুক সরকারের (৫০) বাড়িতে তিন যুবক মোটরসাইকেলযোগে গিয়ে ধর্মবাণী শুনতে চান। লুক তাঁদের বাইবেল পাঠ করে শোনানোর একপর্যায়ে দুই যুবক তাঁর হাত-পা চেপে ধরে গলায় ছুরি চালান। যাজকের চিৎকারে তাঁর স্ত্রী ছুটে এলে যুবকেরা পালিয়ে যান।