ঈশ্বরদীতে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীর লাশ উদ্ধার
পাবনার ঈশ্বরদী উপজেলার এক আখখেত থেকে আজ সোমবার সকালে পূবালী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার দাশুড়িয়ায় অবস্থিত পাবনা চিনিকলের কাছে মহাসড়কের পাশ থেকে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত দুজন হলেন পাবনার সুজানগর উপজেলার বাদাই গ্রামের আবুল কালাম আজাদ (৩৫) ও সদর উপজেলার টেবুনিয়ার রানী গ্রামের আমির হোসেন (২৭)। আজাদ পূবালী ব্যাংক লিমিটেডের পাবনা মালিগাছা শাখার জুনিয়র অফিসার (ক্যাশ) এবং আমির সেখানকার অফিস সহকারী ছিলেন।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে অফিসের কাজ শেষ করে ব্যাংক থেকে বের হন আজাদ ও আমির। এরপর তাঁরা রাতে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের পাওয়া যায়নি। আজ সকাল সাড়ে সাতটার দিকে মাঠে কাজ করতে যাওয়ার সময় স্থানীয়রা পাবনা চিনিকলসংলগ্ন আখখেতে দুটি লাশ পড়ে থাকতে দেখে ঈশ্বরদী থানায় খবর দেয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পূবালী ব্যাংক মালিগাছা শাখার জুনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, অফিস ছুটির পর আবুল কালাম আজাদ মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। আমিরও তাঁর সঙ্গে ছিলেন। ছিনতাইকারীরা মোটরসাইকেল ছিনতাই করে তাঁদের হত্যা করে ফেলে রেখেছে বলে তিনি ধারণা করছেন।
ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহ-নুর আলম পাটওয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমিরের হাত-পা বাঁধা ও শরীরে আঘাতের চিহ্ন এবং আজাদের গলায় আঘাতের দাগ রয়েছে। লাশ দুটির পাশ থেকে একটি হেলমেট উদ্ধার করা হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।