ঈশ্বরদীতে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীর লাশ উদ্ধার
পূবালী ব্যাংক লিমিটেড পাবনার দাশুড়িয়ায় টেবুনিয়া মালিগাছা শাখার জুনিয়র অফিসার ও অফিস সহকারীকে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকাল আটটায় ঈশ্বরদীর দাশুড়িয়ায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাশের একটি আখখেত থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ বলছে, তাঁদেরকে দুর্বৃত্তরা হত্যা করে ফেলে রেখে গেছে। নিহত ব্যক্তিরা হলেন পাবনার সুজানগর উপজেলার বাদাই গ্রামের আবদুস সালামের ছেলে জুনিয়র অফিসার (ক্যাশ) আবুল কালাম আজাদ (৩৫)। তিনি পাবনা সদরের রাধানগরে তাঁর শ্বশুরবাড়িতে থাকতেন। অপরজন হলেন টেবুনিয়ার রানী গ্রামের মুক্তার হোসেনের ছেলে অফিস সহকারী আমির হোসেন (২৭)। গত রোববার রাত আটটার দিকে অফিসের কাজ শেষ করে ব্যাংক থেকে তাঁরা বের হন। এরপর তাঁরা বাড়ি ফিরে যাননি। ওই রাতে অনেক খোঁজাখুঁজি করেন তাঁদের স্বজনেরা।
পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে মাঠে কাজ করতে যাওয়ার সময় স্থানীয় লোকজন পাবনা সুগার মিল-সংলগ্ন মাঠের একটি আখখেতে পাশাপাশি দুটি লাশ পড়ে থাকতে দেখে ঈশ্বরদী থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পূবালী ব্যাংক মালিগাছা শাখার জুনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ছুটির পর আবুল কালাম মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন।
ঈশ্বরদী সার্কেলের এএসপি শাহ-নুর আলম পাটওয়ারী জানান, প্রাথমিকভাবে লাশ দুটির পরিচয় পাওয়া গেছে। তাঁরা ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী। আখখেতে পড়ে থাকা অবস্থায় আমির হোসেনের হাত-পা বাঁধা ও শরীরে আঘাতের চিহ্ন ও আবুল কালামের গলায় আঘাতের দাগ রয়েছে।