ঈশ্বরদীতে ভটভটি তৈরির অবৈধ কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলায় ভটভটি, নছিমন ও করিমন তৈরির একটি অবৈধ কারখানা বন্ধ করে দিয়েছেন৷ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম হামিদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দুপুরে উপজেলা শহরের দাশুড়িয়া এলাকায় মহাসড়কে ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন চলাচল বন্ধের অভিযান চালান৷ এ সময় দাশুড়িয়া ট্রাফিক মোড়সংলগ্ন এলাকায় ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন তৈরির একটি কারখানার সন্ধান পান। পরে আদালত সেখানে অভিযান চালান৷
এ সময় কারখানার মালিক কোনো বৈধ কাগজপত্র ও ব্যবসার সনদ দেখাতে পারেননি৷ ফলে আদালত অবৈধ যানবাহন তৈরির অপরাধে কারখানাটি বন্ধ করে সিলগালা করে দেন এবং কারখানার মালিক মতিয়ার রহমানকে তিন হাজার টাকা জরিমানা করেন।
অপর দিকে একই দিন বিকেলের দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানোয়ার হোসেন শহরের রেলওয়ে গেট এলাকায় অভিযান চালান৷ এ সময় তিনি পাঁচজন ভটভটিচালকের প্রত্যেকে ২০০ থেকে ৩০০ টাকা করে জরিমানা করেন।