ঈশ্বরদীতে ভটভটি নসিমন বন্ধের দাবি রিকশাচালকদের
পাবনার ঈশ্বরদী শহরের রাস্তায় তিন দিনের মধ্যে ইঞ্জিনচালিত অবৈধ ভটভটি ও নসিমন চলাচল বন্ধের দাবি জানিয়েছেন রিকশাচালকেরা। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবেন বলে জানিয়েছেন তাঁরা। একই দাবিতে শহরের এক হাজার ২০০ রিকশাচালক গত দুই দিন ধরে বিক্ষোভ মিছিল ও পথসভা করে আসছেন। জানা গেছে, গত মঙ্গলবার ওই দাবিতে শহরে রিকশাচালকেরা বিক্ষোভ মিছিল বের করেন। বুধবার রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশা ট্রাফিক পুলিশ উল্টে দেয়। এ খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন রিকশাচালকেরা। কিছুক্ষণ পরই তাঁরা শহরের সব রিকশা বন্ধ করে দিয়ে অনির্দিষ্টকালের জন্য রিকশা ধর্মঘটের ডাক দেন। শহরে বের করা হয় খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল। রিকশা সমবায় সমিতির কার্যালয়ের সামনে সমাবেশ ও প্রতিবাদসভায় চালকেরা আগামী তিন দিনের মধ্যে ঈশ্বরদী শহরের বিভিন্ন রাস্তায় ইঞ্জিনচালিত অবৈধ ভটভটি ও নসিমন চলাচল বন্ধের দাবি জানান। অন্যথায়, অনির্দিষ্টকালের জন্য রিকশা চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেন।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, আগামী তিন দিনের মধ্যে শহরের রাস্তায় ভটভটি ও নসিমন বন্ধ করে দেওয়া হবে।