ঈশ্বরদীতে ভাঙনের কবলে ছয়টি গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে আবার পদ্মা নদীর ভাঙন শুরু হয়েছে। ভাঙনের মুখে পড়েছে এ ইউনিয়নের ছয়টি গ্রামের লোকজনের ঘরবাড়ি ও জমিজমা। বাঁশের খুঁটি পুতে ও বালুর বস্তা ফেলে নদীভাঙন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন এলাকাবাসী।
গত মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, ইউনিয়নের আড়ামবাড়িয়া বাঁধ থেকে ইসলামপুর পর্যন্ত নদীর পাড়ঘেঁষা ছয়টি গ্রাম রয়েছে। এর একটি মাঝদিয়া বড়পাড়ায় লোকজন বাঁশ দিয়ে নদীতে পাইলিং করে বালুভর্তি বস্তা ফেলছেন। এ সময় কথা বলে জানা গেল, গ্রামের লোকজন সবাই ভাঙনের আতঙ্কে আছেন। অনেকে আবার বাড়িঘর সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
গ্রামবাসীদের সূত্রে জানা যায়, নদীর গতিপথের পরিবর্তন হওয়ায় গত দুই বছর এই নদীতে ভাঙন দেখা দেয়নি। কিন্তু এবার বর্ষা মৌসুমের শুরু থেকেই এই নদীতে ভাঙন দেখা দিয়েছে। তীব্র স্রোতের কারণে নদীর পাড় ভাঙছে। ১৫ দিন ধরে পদ্মায় পানির স্রোত ক্রমান্বয়ে তীব্রতর হওয়ায় সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া স্কুলের কাছের বাঁধ থেকে মাঝদিয়া বড়পাড়া, ছোটপাড়া, ইসলামপুর, গোপালপুর, মুন্সিপাড়া, স্কুলপাড়া—এ ছয়টি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। ফলে নদীর তীরবর্তী ঘরবাড়ি, জমিজমা ও ফসলের মাঠ ভাঙনের কবলে পড়েছে।
অনেক এলাকার ফসলি জমি বিলীন হয়েছে নদীতে। মাঝদিয়া বড়পাড়া গ্রামটি বেশি ঝুঁকিতে রয়েছে। এই গ্রামের মাদ্রাসা শিক্ষক আজিজুল হক বলেন, পদ্মা নদীর পানি বর্তমানে পশ্চিম-উত্তর দিক থেকে এসে মাঝদিয়া ছোট ও বড়পাড়ায় উল্টো স্রোতে আঘাত হানছে। ফলে ঝুঁকিতে রয়েছে এই গ্রামের ফসলি জমি ও বাড়িঘর। বড়পাড়ার জামে মসজিদটি ভাঙনের মুখে পড়ায় গ্রামবাসী সেখানকার ভাঙনরোধের উদ্যোগ নিয়েছেন। সাঁড়ার সাবেক চেয়ারম্যান শাহাবুল আলম সরদার ও গ্রামবাসী তাঁদের নিজস্ব অর্থে গ্রামের জামে মসজিদটিকে ভাঙনের হাত থেকে রক্ষা করার চেষ্টা করছেন। গত মঙ্গলবার সকাল থেকে তাঁরা নদীর পাড়ে বাঁশ দিয়ে পাইলিং করে ৬০০ বালুর বস্তা ফেলার উদ্যোগ নিয়েছেন।
সাঁড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শাহাবুল আলম সরদার জানান, তিনি সকাল থেকে গ্রামবাসীর সঙ্গে বড়পাড়ার মসজিদটি রক্ষার চেষ্টা করছেন।
সাঁড়ার বর্তমান ইউপি চেয়ারম্যান জার্জিস হোসেন বলেন, ১৯৮৮ সাল থেকে সাঁড়ায় ভয়াবহ ভাঙন শুরু হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী এ পর্যন্ত ভাঙনে এক হাজার বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়া সাঁড়ার ঐতিহ্যবাহী স্থাপনা সাঁড়া নদীবন্দর, স্কুল, মসজিদ, মন্দির, ঈদগাহসহ বিভিন্ন স্থাপনা নদীর গর্ভে চলে গেছে। বাঁধের কাজ শুরু হওয়ায় এ বছর ভাঙন কিছুটা কমেছে। আড়ামবাড়িয়া স্কুল থেকে ইসলামপুর পর্যন্ত অংশে নদীতে বাঁধ না থাকায় ঝুঁকিতে রয়েছেন গ্রামবাসী। ইতিমধ্যে কয়েকটি ঘর ও শতাধিক বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। গত সোমবার গোপালপুর গ্রামের তিনটি বসতভিটা নদীতে বিলীন হয়।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম সরকার বলেন, তিনি গত সোমবার ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের কোমরপুর থেকে সাঁড়া ঝাউদিয়া এবং নাটোরের লালপুর উপজেলার তিলকপুর থেকে গৌরীপুর পর্যন্ত পদ্মা নদীর বাঁ তীর সংরক্ষণ প্রকল্পের জন্য ২২৬ কোটি টাকার বাঁধ নির্মাণকাজ শুরু হয়েছে। প্রথম দফায় ঈশ্বরদীর দেড় কিলোমিটার অংশে বাঁধের নির্মাণকাজ শুরু হলেও বর্ষার কারণে আপাতত তা বন্ধ রয়েছে।