ঈশ্বরদীতে ভুলে ভরা প্রশ্নপত্রে বিভ্রান্ত শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল ধরা পড়েছে। গতকাল শনিবার পর্যন্ত ইংরেজি ও গণিত বিষয়ের পরীক্ষা হয়েছে। এ দুই বিষয়ে বিভিন্ন শ্রেণির প্রশ্নপত্রে ছাপা হওয়া ভুলের কারণে অনেক শিক্ষার্থী বিভ্রান্ত হয়ে সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ও অভিন্ন প্রশ্নে প্রতিটি শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়। এতে ১০০ বিদ্যালয়ের প্রায় সাড়ে ৩৫ হাজার ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। এক সেট (ছয়টি বিষয়) প্রশ্নের জন্য শিক্ষার্থী প্রতি ফি দিতে হয়েছে তিন টাকা করে।
গত বৃহস্পতিবার ইংরেজি বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষা হয়। পৌর শহরের স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী বলে, ১৩টি প্রশ্ন ছিল। এর মধ্যে ৬ নম্বর প্রশ্নে ভুলের কারণে উত্তর দিতে পারেনি। প্রশ্নে অনুচ্ছেদ পাঠ করে উত্তর লিখতে বলা হয়। কিন্তু এমন সব প্রশ্ন করা হয়, যার উত্তরই ওই অনুচ্ছেদে ছিল না।
গতকাল হয়েছে গণিতের পরীক্ষা। পাকশীর বাঘইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ১৫-২১ নম্বর প্রশ্নে ‘প্রক্রিয়া প্রতীক’ ভুল থাকায় বিভ্রান্তিতে পড়তে হয়। প্রশ্নপত্রে প্রক্রিয়া প্রতীকে যোগ (+) চিহ্নের স্থানে বিয়োগ (-), গুণ চিহ্নের স্থানে ছিল সমান (=)। চতুর্থ শ্রেণির গণিতের প্রশ্নেও ভুল ছিল বলে শিক্ষার্থীরা অভিযোগ করে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ হামিদ বলেন, কয়েক বছর ধরেই প্রশ্নপত্রে ভুল ধরা পড়ছে। নির্ভুল প্রশ্নপত্রের জন্য সমিতির পক্ষ থেকে তাগিদ দেওয়া হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক সমিতির একাধিক নেতা বলেন, অভিন্ন প্রশ্ন তৈরির জন্য উপজেলায় প্রশ্ন প্রণয়ন কমিটি রয়েছে। ওই কমিটির সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। দক্ষ শিক্ষক ও কর্মকর্তাদের মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর নির্ভুল প্রশ্নপত্র প্রণয়ন করার কথা থাকলেও কমিটির উদাসীনতায় ভুলে ভরা প্রশ্নে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের প্রশ্নপত্র বুঝিয়ে দিতে শিক্ষকদের সহযোগিতা করতে বলা হয়েছে।