ঈশ্বরদীতে ভূমিমন্ত্রীকে রাজসিক সংবর্ধনা
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ শামসুর রহমান শরীফ ওরফে ডিলু ভূমিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গতকাল মঙ্গলবার নিজ এলাকায় আসেন। দীর্ঘদিন পর এ এলাকা থেকে মন্ত্রিত্ব পাওয়ায় এলাকার মানুষ তাঁকে রাজসিক সংবর্ধনা দিয়েছে।
উপজেলা শহরকে সাজানো হয় বর্ণিল সাজে। বিশাল গাড়িবহর নিয়ে নাটোরের বনপাড়া থেকে তাঁকে এগিয়ে আনা হয়। তবে তাঁকে স্বাগত জানাতে গিয়ে উপজেলার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকেরা খুদে শিক্ষার্থীদের রোদের মধ্যে রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে রাখেন। তাঁরা কয়েকটি রাস্তায় বেঞ্চ পেতে রাখেন। এতে এসব রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামী লীগ যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে।
সরেজমিনে দেখা গেছে, মুলাডুলি থেকে ঈশ্বরদী পুরাতন বাস টার্মিনাল পর্যন্ত বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে অর্ধশত তোরণ। সড়ক-মহাসড়কের পাশে রঙিন পতাকা, ব্যানার ও ফেস্টুন ঝুলছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং নানা শ্রেণী-পেশার মানুষ প্ল্যাকার্ড ও ফুল হাতে নিয়ে মন্ত্রীকে স্বাগত জানায়।
ঈশ্বরদী পৌর উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা তাঁদের বিদ্যালয়ের সামনের রাস্তায় বেঞ্চ ফেলে রাস্তার একদিকের যান চলাচল সাময়িক বন্ধ রাখেন। মন্ত্রী দুপুরে মুলাডুলি থেকে ঈশ্বরদীর আলোবাগ মোড় পর্যন্ত এসে তাঁর নিজ বাসভবনে যান। বিকেল চারটায় মন্ত্রী শহরের মাহাবুব আহমেঞ্চদ খান সঞ্চৃতিমঞ্চে সংবর্ধনাস্থলে আসেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।
এ সময় ভূমিমন্ত্রী শামসুর রহমান বলেন, ভূমি অফিসের পিয়নকে ২০০ টাকা ঘুষ না দিলে কোনো কাজ হয় না। এখন থেকে ভূমি কার্যালয়ের দুর্নীতি ও অনিয়ম দূর করার জন্য তিনি কাজ করে যাবেন।