ঈশ্বরদীতে মাদ্রাসার অফিসকক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী উপজেলায় ঈশ্বরদী ছিদ্দীকিয়া কাওমিয়া মাদরাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার অফিসকক্ষে গতকাল বুধবার ভোরে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মুসল্লিরা মাদ্রাসার দোতলা ভবনের নিচতলায় অফিসকক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন। শিক্ষকেরা দ্রুত তালা খুলে ভেতরে আগুন জ্বলতে দেখতে পান। এ সময় শিক্ষক, ছাত্র ও মুসল্লিরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে কাগজপত্র, কাঠের বাক্স, বিছানার চাদর, তোশকসহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল পুড়ে যায়। পরে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে আসে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাঁরা গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করছেন।