ঈশ্বরদীতে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের যাত্রীবাহী কমিউটার ট্রেনের ইঞ্জিন আজ রোববার সকালে লাইনচ্যুত হয়েছে। ঈশ্বরদী বাইপাস স্টেশনে এ ঘটনা ঘটে। এর ফলে তীব্র শীতের সকালে লাইনচ্যুত ট্রেনযাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন।

বাইপাস স্টেশনের সহকারী স্টেশনমাস্টার পুলক বিশ্বাস ট্রেন ইঞ্জিন লাইন চ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে জানান, আজ সকাল সাতটায় কমিউটার ট্রেনটি ঈশ্বরদী জংশন প্ল্যাটফর্ম থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

স্টেশনমাস্টার পুলক বিশ্বাস জানান, এ ঘটনায় ওই লাইনে চলাচলকারী অন্য ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। তবে বিকল্প ব্যবস্থায় দুর্ঘটনাকবলিত ট্রেনের কোচগুলো ইঞ্জিন থেকে সরিয়ে ঈশ্বরদী জংশন স্টেশনে নিয়ে নতুন ইঞ্জিন সংযোগ করা হবে। তারপর যাত্রী নিয়ে ট্রেনটি আবার রাজশাহীর দিকে যাবে।