পাবনার ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে ভোট গণনার শেষ পর্যায়ে ভোট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, ভোটকেন্দ্র ও পুলিশের ওপর হামলা, প্রিসাইডিং কর্মকর্তাকে হুমকি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়াসহ নানা অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের ৩১০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় তিনটি মামলা হয়েছে। গত বুধবার রাতে ঈশ্বরদী থানার তিনজন উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলাগুলো করেন। তবে এসব মামলায় গতকাল শনিবার বিকেল পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। পুলিশ জানায়, তিনটি মামলার একটিতে আসামি করা হয়েছে ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানাসহ অজ্ঞাতনামা ৯০ জনকে। তাঁদের অধিকাংশ ছাত্রলীগ ও যুবলীগের সদস্য। এজাহারে বলা হয়, জুবায়ের ও মাসুদের নেতৃত্বে একটি দল নির্বাচনের দিন ভোট গণনার শেষ দিকে ঈশ্বরদী সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে হামলা চালায় ও ভোট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্কুলের দরজা-জানালাও ভাঙচুর করা হয়। নারিচা ভোটকেন্দ্রে সংঘটিত একই ধরনের ঘটনায় পৌর ছাত্রলীগের সভাপতি লিটন আক্তার ও তাঁর ভাই টিটনসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল হান্নান বলেন, ভোটকেন্দ্রে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের ঘটনায় পুলিশ বাধ্য হয়ে কয়েকটি ফাঁকা গুলি ছুঁড়লে লিটনসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা নারিচা ভোটকেন্দ্র থেকে চলে যেতে বাধ্য হন। একইভাবে আলিম মাদ্রাসা ভোটকেন্দ্রে হামলার অভিযোগে যুবলীগের কর্মী আবদুল কুদ্দুসসহ সংগঠনের অজ্ঞাতনামা ৭০ জন কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস গতকাল বিকেলে বলেন, তাঁরা সার্বিক বিষয়ে এখন কোনো মন্তব্য করতে পারছেন না। দলীয় সভায় আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানাবেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম বলেন, মামলার পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত মন্তব্য করা যাচ্ছে না।