ঈশ্বরদীতে যুবলীগের কর্মী রংপুরে গাড়িচালক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী ও রংপুরে গত বৃহস্পতিবার পৃথক দুটি ঘটনায় যুবলীগের এক কর্মীসহ দুজন খুন হয়েছেন।এলাকাবাসী ও ঈশ্বরদী থানার পুলিশ সূত্রে জানা যায়, পাকশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যুবলীগের কর্মী আলমগীর হোসেন ও মিথুনের সঙ্গে পাকশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই যুবদলের কর্মী বিপ্লব হোসেন ও ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজীব মাহমুদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাত নয়টার দিকে মিথুন ও আলমগীর পাকশী বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। বাজারের মন্দিরের কাছে এলে যুবদল ও ছাত্রদলের পাঁচ-ছয়জন কর্মী ধারালো অস্ত্র দিয়ে তাঁদের গুরুতর আহত করেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রচণ্ড রক্তক্ষরণে মিথুন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস দাবি করেন, এ ঘটনার সঙ্গে ছাত্রদল ও যুবদলের কেউ জড়িত নয়। তাঁদের পরিকল্পিতভাবে আসামি করা হচ্ছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, মিথুনের বড় ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলায় বিপ্লব ও সজীবকে আসামি করা হয়েছে।এদিকে সৈয়দপুরের মাইক্রোবাসের এক মালিককে রংপুরের তারাগঞ্জে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সৈয়দপুর-রংপুর মহাসড়কের বারাতি সেতুসংলগ্ন তের মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। মাইক্রোবাসের মালিক ও চালক মো. নাদিমের (২৮) বাড়ি সৈয়দপুর শহরের নতুন মুন্সিপাড়া এলাকায়।তারাগঞ্জ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নাদিমের স্ত্রী তারানুর বেগম তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।তারানুর বেগম জানান, আগের দিন সকালে তাঁর স্বামী ঘর থেকে বের হন। সর্বশেষ রাত আটটার দিকে মুঠোফোনে কথা হলে নাদিম স্ত্রীকে বলেন, ‘আমি রংপুরে ভাড়া নিয়ে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে।’