ঈশ্বরদীতে রুশ নাগরিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে হঠাৎ পেট ব্যথা ও বমি করে নোফায়েল (৫৬) নামের এক রুশ নাগরিক মারা গেছেন এবং ইরিনা (৫০) নামের একজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা দুজন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ করতেন। প্রকল্পের ‘এএমটি’ নামের একটি প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী নোফায়েল। তাঁরা উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর মোড়ে নিলুফা কটেজ নামে একটি বাড়িতে পৃথক কক্ষে ভাড়া থাকতেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান জানান, বুধবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে নোফায়েল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার জন্য বলা হয়। কিন্তু নোফায়েল কিছুক্ষণ পর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চলে যান। এরপর আজ সকাল সোয়া নয়টার দিকে নোফায়েল ও ইরিনাকে অসুস্থ অবস্থায় তাঁর সহকর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। কিন্তু তখনই নোফায়েলের হৃৎস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। ইরিনা অসুস্থ থাকায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এএমটি কোম্পানির মেডিকেল কো-অর্ডিনেটর ডাক্তার মো. ওয়াহিদুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে, নোফায়েল হৃদ্রোগে আক্রান্ত হন। ইরিনা মানসিক অস্থিরতায় ছিলেন।
ঈশ্বরদী থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, নোফায়েল এএমটি কোম্পানিতে কর্মরত ছিলেন। বেশ কিছুদিন আগে তিনি রূপপুর প্রকল্পের সাব-ঠিকাদার এএমটি কোম্পানিতে কাজের জন্য রাশিয়া থেকে বাংলাদেশে আসেন।