ঈশ্বরদীতে রেল স্টেশন পরিদর্শনে জিআইবিআর
পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন গতকাল বুধবার পরিদর্শন করেছেন রেলওয়ের পরিদর্শক (জিআইবিআর) আক্তারুজ্জামান হায়দার। এ সময় তাঁর কাছে পাবনার ঈশ্বরদী জংশন থেকে সব রুটে চলাচলকারী ট্রেনের আসনসংখ্যা বাড়ানো, স্টেশনের আধুনিকায়ন ও ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদীতে যাত্রী ওঠা-নামার দাবি জানানো হয়।
জিআইবিআর গতকাল সকালে ঈশ্বরদী স্টেশনে পৌঁছে রাজশাহী-গোয়ালন্দগামী মধুমতি ট্রেন, রেললাইন, প্ল্যাটফর্ম, যাত্রী বিশ্রামাগার, প্ল্যাটফর্ম শেডসহ যাত্রীদের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। পরে তিনি স্থানীয় সংবাদকর্মী ও ব্যবসায়ীদের সঙ্গে যাত্রীসেবার মান ও সমস্যার বিষয়ে জানতে চান। এ সময় সাংবাদিক ও ব্যবসায়ীরা ওই সব দাবি তুলে ধরেন। তিনি বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে জানানোর আশ্বাস দেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন আফজাল হোসেন, মনিরুল ইসলাম ফিরোজী প্রমুখ।
জিআইবিআর পরিদর্শন উপলক্ষে ঈশ্বরদীসহ পাঁচটি রেলস্টেশনের প্ল্যাটফর্ম, যাত্রী বিশ্রামাগার ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে।