ঈশ্বরদীতে র্যাবের বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে এক ব্যবসায়ী ও তাঁর কর্মচারীর কাছে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগে র‌্যাবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে পৌর শহরের স্টেশন রোডে আয়োজিত ওই কর্মসূচিতে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি, পোলট্রি খামার ব্যবসায়ী সমিতির সদস্যসহ আনুমানিক তিন হাজার লোক অংশ নেন।
আন্দোলনকারীরা পোলট্রি ব্যবসায়ী মাহাতাব উদ্দিন ও তাঁর কর্মচারী লাল মিয়ার বিরুদ্ধে করা র‌্যাবের মামলা প্রত্যাহার করে তাঁদের দুজনকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। একই দাবিতে ঈশ্বরদী পোলট্রি খামার ব্যবসায়ী সমিতি গত রোববার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।
গতকালের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহসভাপতি শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য আতাউর রহমান বাবু ফকির, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আহমেদ, মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান, মাহাতাবের স্ত্রী মাসুদা পারভিন, শিশুকন্যা প্রিয়তি ও স্নেহা।
বক্তারা বলেন, গত শনিবার (১৭ আগস্ট) অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি মুঠোফোনে মুরগির বাচ্চা কেনার কথা বলে মাহাতাবকে ঈশ্বরদীর দাশুড়িয়া বাজারের একটি দোকানে ডেকে নেন। সেখানে আরও দুজন লোক এসে লাল ব্যাগের ভেতর থেকে একটি রিভলবার ও চারটি গুলি বের করে। এরপর মাহাতাবকে ‘তুই অস্ত্রের ব্যবসা করিস’ বলে নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে আটক করে তারা। এ সময় কর্মচারী লাল মিয়াকেও আটক করা হয়। পরে তাঁদের অস্ত্র ও গুলিসহ ঈশ্বরদী থানায় সোপর্দ করেন র‌্যাব-৫ জয়পুরহাটের সদস্যরা। অথচ ঈশ্বরদী থানায় করা মামলার এজাহারে র‌্যাব দাবি করে, অস্ত্রটি মাহাতাবের কোমরে রাখা ছিল। সেখানে দায়িত্বরত র‌্যাবের এক কর্মকর্তাও স্থানীয় সাংবাদিকদের জানান, অস্ত্রটি লাল ব্যাগে রাখা ছিল।
বক্তারা বলেন, এ ধরনের মিথ্যা ঘটনা সাজিয়ে র‌্যাবের সদস্যরা ঝালকাঠির লিমনের মতো ষড়যন্ত্রমূলকভাবে মাহাতাব ও তাঁর কর্মচারীকে মামলায় ফাঁসিয়েছেন।
অস্ত্র মামলার বাদী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫-এর (র‌্যাব) সহকারী উপপরিচালক নায়েব সুবেদার নুরুল ইসলাম বলেন, ‘কেউ গ্রেপ্তার হলে অনেক কথাই বলে। অস্ত্র ও গুলি পাওয়ার পরই ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।’
র‌্যাব-৫-এর উপ-অধিনায়ক মেজর শফিক দাবি করেন, র‌্যাব-৫ কাউকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করে না। মাহাতাব দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। কয়েক মাস ধরে র‌্যাব-৫ তাঁকে অনুসরণ করে আসছিল। যথাযথ তথ্যপ্রমাণের ভিত্তিতেই ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্যবসায়ী মাহাতাব সম্পর্কে জানতে চাইলে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাই সরকার জানান, ঈশ্বরদী থানার রেকর্ড অনুযায়ী অস্ত্রধারী বা অস্ত্র ব্যবসায়ীর তালিকায় মাহাতাব উদ্দিন ও লাল মিয়ার নামে কোনো অভিযোগ নেই।