ঈশ্বরদীতে লিচুর ফলন বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিচু নিয়ে এবার অনেক আশা ছিল ঈশ্বরদীর চাষিদের। গত রবি মৌসুমে তাঁরা প্রচণ্ড মার খেয়েছেন দেশব্যাপী হরতাল আর টানা সড়ক অবরোধের কারণে। দাম পাননি। জমিতেই নষ্ট হয়েছে শীতের সবজি। ভেবেছিলেন লিচুর আয় থেকে কাটিয়ে উঠবেন সেই লোকসানের ধাক্কা। কিন্তু লিচুও তাঁদের হতাশ করেছে। চাষিরা বিপর্যস্ত।
ঈশ্বরদীর লিচু বাগানগুলোতে এবার ফলন বিপর্যয় ঘটেছে। উৎপাদন কমেছে প্রায় ৫০০ কোটি টাকার। গত বছরের তুলনায় ফলন মাত্র ৩০ শতাংশ।
দেশে এখন প্রধান লিচু উৎপাদন এলাকা ঈশ্বরদী। শহরের পূর্বে অংশ হার্ডিঞ্জ ব্রিজ থেকে একেবারে পাবনা শহর পর্যন্ত মাইলের পর মাইল লিচুর বাগান। সে এক চোখজুড়ানো দৃশ্য। জেলা কৃষি বিভাগের তথ্য অনুসারে এখানে প্রায় তিন হাজার ২০০ হেক্টর জমিতে লিচুর চাষ হচ্ছে। বৈশাখের মাঝামাঝি থেকে আষাঢ়ের প্রথম সপ্তাহ পর্যন্ত টুকটুকে লিচুতে রঙিন হয়ে ওঠে ঈশ্বরদী। সেই চেনা দৃশ্য এবার দেখা যায়নি। পাবনা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উন্নয়ন কর্মকর্তা এ আই শাহিন জানালেন, এখানে প্রতিবছর ৩৮ থেকে ৪০ হাজার মেট্রিক টন লিচুর ফলন হয়। এর বাজারমূল্য ৮০০ থেকে প্রায় এক হাজার কোটি টাকা। তবে দাম কিছুটা বাড়তি বলে ফলন অনেক কম সত্ত্বেও টাকার অঙ্কে লোকসান কিছুটা কমেছে। তারপরও ক্ষতির পরিমাণ ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে বলে তাঁদের ধারণা। একে তাঁরা ফলন বিপর্যয় বলেই মনে করছেন।
ফলন বিপর্যয়ের জন্য প্রকৃতির বিরূপতাকেই দায়ী ভাবছেন আর হাহুতাশ করেছেন কৃষকেরা। জাতীয় কৃষি পদক পাওয়া চাষি সিদ্দিকুর রহমান (কুল ময়েজ) জানালেন, সাধারণত প্রতিটি গাছে একবার এক দিকের শাখায় বেশি ফলন হয়। অন্য দিকে বের হয় কচি পাতা। পরের বছর অপর দিকে বেশি ফলন হয়। এ দিকে কচি পাতা। এবার তা হয়নি। প্রায় প্রতিটি বাগানেই শতকরা ৬০ ভাগের বেশি গাছে মুকুলের বদলে সারা গাছে এসেছে নতুন পাতা। তার ওপর যেসব গাছে মুকুল এসেছিল, প্রচণ্ড খরায় গুটি বের হওয়ার আগেই প্রচুর ঝরে গেছে। তাঁদের কথায়, ‘মুকুল ঝাঁটা’ হয়ে গেছে। লিচুর আকারও বড় হয়নি। উপরন্তু পেকে ওঠার সময় ফেটে যাওয়ার প্রবণতা দেখা গেছে ব্যাপক। তাঁর নিজের ১৬ বিঘা লিচুবাগানে যেখানে প্রায় ৩০ লাখ টাকার লিচু হয়ে থাকে, এবার সেখানে ৫০ হাজার টাকার লিচুও হয়নি। বাগানের শত শত গাছে কেবল নতুন পাতা।
ঈশ্বরদীর জয়নগর, বাগৈল, রূপপুর, আওতাপাড়া, দাশুড়িয়া, বক্তারপুর, ভারুইমারি, মিরকিমারি, কোলেরকান্দি, দায়েরপাড়া, বড়ইচরা, বাবুইচরা, লক্ষ্মীকুন্ডা, গড়গড়িসহ উত্তর দিকের গ্রামগুলোকে গ্রাম না বলে অনায়াসে লিচুবাগানই বলা যায়। বক্তারপুরের হাসান আলীর ১১টি বাগান। তিনি জানালেন, গত বছর সাত লাখ টাকার লিচু বিক্রি হয়েছিল, এবার এক লাখও হয়নি।
এদিকে লিচুতে ছত্রাক ও পোকা দমনের জন্য দেওয়া হচ্ছে কীটনাশক। সে কথা চাষিরাও অস্বীকার করেন না। সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বললেন, লিচুতে দুই ধরনের বিষ প্রয়োগ করা হয়। এক প্রকার বিষ ছত্রাক দমনের জন্য। লিচু বাড়তে শুরু করার পর থেকেই স্প্রে করা হয়। এ ছাড়া, বৃষ্টি হলে লিচুর বোঁটায় পোকার আক্রমণ শুরু হয়। এই পোকা দমনের জন্য বাজারে বিভিন্ন গ্রেডের অনেক নামের বিষ পাওয়া যায়। এই বিষগুলোই বেশি ক্ষতিকর। এর প্যাকেটের গায়ে লেখাই থাকে গ্রেডভেদে স্প্রে করার কমপক্ষে এক সপ্তাহ থেকে তিন সপ্তাহ পর্যন্ত ফল খাওয়া যাবে না। অথচ এমন ঘটনাও ঘটে, সকালে স্প্রে করে বিকেলেই ফল তোলা হয়।
সিদ্দিকুর রহমান এ ক্ষেত্রে মৌসুম শেষে কৃষকদের করণীয় এবং বিষ ব্যবহারে ক্ষতিকর দিক সম্পর্কে নিয়মিত ও ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কর্মশালা করার প্রতি গুরুত্ব দেন৷ এটি এক-দুই দিন বা এক-দুই মৌসুমে নয়, করতে হবে নিয়মিত। তা না হলে বিষমুক্ত নিরাপদ ফল ও ফসল পাওয়া অসম্ভব হয়ে পড়বে বলেই এই জাতীয় পদক পাওয়া কৃষকের অভিমত।