ঈশ্বরদীতে শিক্ষার্থীরা ধুয়ে দিল মায়ের পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী ব্যাপ্টিস্ট মিশন হোমের মা অন্তরা বিশ্বাসের পায়ে পানি ঢেলে দুই হাতে সেই পা ধুয়ে দিচ্ছে ওই প্রতিষ্ঠানের মেয়েরা। খুশিতে চোখ থেকে পানি ঝরছে মায়ের। পাবনার ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে মা-মেয়েদের নিয়ে ‘মা-বাবার প্রতি সন্তানের ভক্তি-শ্রদ্ধা’ শীর্ষক এক কার্যক্রমের আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীরা তাদের মায়ের পা ধুয়ে মুখে তুলে দেয় মিষ্টি। গতকাল সোমবার দুপুরে এই কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল মাহমুদ ও বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার। শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ আসলাম হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে স্কুল ও কলেজ শাখার ৫০০ শিক্ষার্থী ও তাদের মায়েরা অংশ নেন।

বেলা দেড়টায় সরেজমিনে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানের চত্বরে জড়ো হয়েছে শিক্ষার্থী ও তাদের মায়েরা। বক্তব্য দিচ্ছেন কর্মসূচির উদ্যোক্তা ঈশ্বরদীর ইউএনও শাকিল মাহমুদ। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বজলুর রশিদ, সাপ্তাহিক জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সন্তানরা নিজ নিজ মায়ের পা ধুয়ে ও মুছে দেওয়ার পর পরম শ্রদ্ধায় মায়ের কপালে চুমু দিয়ে তাঁদের মুখে তুলে দেয় মিষ্টি ও শিঙাড়া। মায়েরা এ সময় সন্তানদের জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। এমনই একজন মা নিলুফার ইয়াসমিন বলেন, ‘সন্তানরা আজ যে শিক্ষা পেল, তা আগামী জীবনে তাদের পাথেয় হয়ে থাকবে।’ ঈশ্বরদী ব্যাপ্টিস্ট মিশন হোমের মা অন্তরা বিশ্বাস কেঁদে বলেন, ‘আমার সন্তান নেই। তবু ব্যাপ্টিস্ট মিশন হোমের মা হিসেবে ওরা আমাকে যে সেবা ও সম্মান করেছে, তা আমার জন্য পরম পাওয়া।’

অধ্যক্ষ আসলাম হোসেন বলেন, মা-বাবা ও পরিবারের গুরুজনদের প্রতি কর্তব্য, ভালোবাসা ও চেতনা জাগানোর জন্য ইউএনওর উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ইউএনও বলেন, অনুকরণীয় এ কর্মসূচি ঈশ্বরদী উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে পালনের জন্য তিনি নিজ উদ্যোগ গ্রহণ করেছেন।