ছয় দিনের বইমেলা শুরু
একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাবনা-নাটোর সীমান্তে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার রাতে বইমেলার উদ্বোধন করা হয়েছে। এই বইমেলা ছয় দিন চলবে।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এ বইমেলার উদ্বোধন করেন। একুশে গ্রন্থাগারের আয়োজনে ও একুশে বইমেলা উদ্যাপন কমিটির পরিচালনায় এই বইমেলা শুরু হয়েছে। ২০০০ সাল থেকে প্রতিবছর এই বইমেলার আয়োজন করা হচ্ছে।
জাতীয় সংগীত গেয়ে রাত ৮টায় মেলা শুরু হয়। এরপর ভাষাশহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বইমেলার উদ্বোধন উপলক্ষে শুক্রবার আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেলা উদ্যাপন কমিটি আহ্বায়ক জুলফিকার মতিন। সভায় বক্তব্য দেন ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার, বড়াইগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও অভিজিৎ বসাক, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আশরাফুল ইসলাম, একুশে গ্রন্থাগারের সভাপতি আব্দুস সালাম খান প্রমুখ।
আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে। মেলায় স্টল আছে ৫০টি। প্রতিদিন সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে মেলায়।