ঈশ্বরদীতে শ্মশান স্থাপনের দাবি
পাবনার ঈশ্বরদীতে হিন্দুসম্প্রদায়ের লোকজন শ্মশান স্থাপনের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা আগামী এক মাসের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে হরতাল, সড়ক ও রেলপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালনের হুমকি দেয়।‘আমরা মরলে যাব কোথায়?’, ‘আমাদের লাশের কী হবে?’ এ ধরনের লেখাসংবলিত ব্যানার নিয়ে ও পোস্টার বুকে সেঁটে হিন্দুসম্প্রদায়ের কয়েক শ নারী-পুরুষ ও শিশু গতকাল ঈশ্বরদী শহরে বিক্ষোভ করে। তারা শহরের বাজার এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়।মানববন্ধন চলাকালে সমাবেশে তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন ঈশ্বরদী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌরসভার প্যানেল মেয়র আবদুল খালেক, আনোয়ার হোসেন, কাউন্সিলর সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আহমেদ, শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউনুস আলী, শিক্ষক আবদুল্লাহ, জাসদ নেতা রশিদুল আলম, সিপিবি নেতা আহসান হাবিব, জাপা নেতা মঞ্জুর আলম, সুনীল কুমার চক্রবর্তী, গৌর কুমার লাহিড়ী, বিমল কুমার চক্রবর্তী প্রমুখ।মানববন্ধন ও সমাবেশ শেষে পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান শরীফ, উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস ও ঈশ্বরদী থানার ওসির কাছে পৃথক তিনটি স্মারকলিপি দেওয়া হয়।সমাবেশে বক্তারা বলেন, শ্মশান নির্মাণের জন্য ইতিপূর্বে পৌরসভা থেকে টেন্ডার আহ্বান করা হয়েছিল। শহরের বাস টার্মিনালের পেছনে এটির নির্মাণকাজও শুরু করা হয়েছিল। কিন্তু রহস্যজনক কারণে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে ঈশ্বরদীতে শ্মশান নেই। সাঁড়া ঘাটে একটি অস্থায়ী শ্মশান ছিল, সেটিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে।এ ব্যাপারে জানতে চাইলে ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আবদুল খালেক জানান, পৌরসভার আগামী সভায় শ্মশান নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত হবে। তিনি আরও জানান, ২০০৩ সালে শ্মশান নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু রেলওয়ে ও এলাকাবাসীর আপত্তির কারণে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।