ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলায় একজন খুন, আহত ২
পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসীদের হামলায় জাহাঙ্গীর আলম (৪০) নামের এক দোকান কর্মচারী নিহত ও অপর দুজন আহত হয়েছেন। সন্ত্রাসীরা দুটি দোকান ও আবাসিক হোটেলের একটি কক্ষ ভাঙচুর করেছে। গত সোমবার রাতে শহরের কলেজ রোড ও কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাই তালুকদার জানান, ঘটনায় জড়িত সন্দেহে সুরুজ ওরফে বাবু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার উপজেলা শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে সভায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করে সহসভাপতি শফিকুল ইসলামসহ কয়েকজন বক্তৃতা করেন।
জাহাঙ্গীরের বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার ছোলাবুনিয়া গ্রামে। তিনি ঈশ্বরদী শহরের দড়িনারিচা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আহত ব্যক্তিরা হলেন ঈশ্বরদী পৌরসভার কর্মচারী আমানুল্লাহ বুরু (৪২) ও নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল মান্নান রনি (৩৮)। তাঁদের মধ্যে বুরুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।